বাহক নিউজ় ব্যুরো: বুকের দুধ খাওয়াতে গিয়েই ঘটলো বিপদ। ১ মাসের শিশুর খাদ্যনালীতে ঢুকে গেল আলগা ব্লাউজের হুক। কিছু বুঝে ওঠার আগেই সটান তা খুদের খাদ্যনালীতে। আরপর একটানা বমি সাথে অবিরাম কান্না। সেই হুক বের করে তমলুকের শিশুটির প্রাণ ফেরাল এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ অটো রাইনো ল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগ।
শনিবারের ঘটনা, তমলুকের বাসিন্দা এক মহিলা তাঁর শিশুকন্যাকে দুধ খাওয়াচ্ছিলেন। তখনই ঘটে বিপদ। শিশুটির মায়ের কথায় , “হঠাৎই ওর বমি শুরু হয়, প্রথমটায় কিছু বুঝতে পারিনি। খেয়াল হতে দেখি ব্লাউজের একটা হুক নেই। তখনই বুঝতে পারি ঘটনাটা।”
তড়িঘড়ি শিশুটিকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটের সমস্যা থাকায় নিয়ে আসা হয় এসএসকেএম এর ইনস্টিটিউট অফ অটো রাইনো ল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগে। কিন্তু মাত্র একমাসের শিশুর খাদ্যনালী থেকে লোহার হুক বের করা খুব একটা সহজ নয়। প্রয়োজন দক্ষ অ্যানাস্থেসিয়া টীমের। এসএসকেএম এর সংশ্লিষ্ট বিভাগের প্রধান ডঃ অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে অস্ত্রোপচার টীম তৈরী করা হয়।
গলা আর পাকস্থলীর সঙ্গে যুক্ত যে টিউব তাকেই বলে ইসোফেগাস। সেখানেই আটকে ছিল হুকটা। টানা আধঘন্টার চেষ্টায় নল ঢুকিয়ে সেটি বার করা হয়েছে। রবিবার দুপুরে যেন নতুন করে প্রাণ ফিরে পেল সেই একরত্তি। শিশুকন্যার মা কি ভাষায় ধন্যবাদ দেবেন চিকিৎসকদের বুঝে পাচ্ছেন না।
ডঃ অরুণাভ সেনগুপ্ত বলেন “এটাই তো আমাদের কাজ, ও জীবন ফিরে পেয়েছে আর কি চাই?” চিকিৎসকদের টীমে ছিলেন ডঃ সোমা মন্ডল, ডঃ সন্দীপন নস্কর, ডঃ কওশার আহমেদ, ডঃ মৈনাক এবং ডঃ তুষার। তিনজন দক্ষ অ্যানাস্থেসিস্টও ছিলেন অস্ত্রোপচার প্রক্রিয়ায়। শিশুটি আপাতত সুস্থ হলেও তাকে একদিন পর্যবেক্ষণে রাখা হবে।
Published on Sunday, 12 September 2021, 10:35 pm | Last Updated on Sunday, 12 September 2021, 11:23 pm by Bahok Desk









