বাহক নিউজ় ব্যুরো: তৃণমূল দলনেত্রী মমতা ব্যানার্জীর গোয়া সফর চলছে। গোয়া সফরে দ্বিতীয় দিনে জোড়া চমক তৃণমূলের।শুক্রবার সকালেই তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী নাফিসা আলি৷ দুপুরে যোগ দিলেন দেশের গর্ব প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাফিসা আলি এবং লিয়েন্ডার পেজের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। নাফিসা ও লিয়েন্ডার ছাড়াও তৃণমূলে দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷ লিয়েন্ডার পেজের হাতে পতাকা তুলে দিয়ে মমতা বলেন, ”দেশের গর্ব লিয়েন্ডার পেজ। আজ তিনিও আমাদের দলে যোগ দিলেন। গোয়াকে বাংলার মতোই উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন।”
লিয়েন্ডার পেজ, নাফিসা আলির মতো দেশের পরিচিত মুখদের তৃণমূলে যোগদান করিয়ে চমক দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর গোয়া সফরে অবশ্য এরকম কিছু চমক আগে থেকে আশা করা হচ্ছিল। কারণ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন প্রথম সারির নেতা তৃণমূলে যোগ দিয়েছেন এবং গোয়াকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল।
লিয়েন্ডারের তৃণমূলে যোগদানের পর তৃণমূল নেত্রী বলেন, ”গোয়াকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এভাবে একটা রাজ্য চলতে পারে না। আমাদের রাজ্যে এত সুযোগ তৈরি হয়েছে। গোয়ায় কেন হবে না? আমরা চাই, দেশের মানচিত্রে গোয়া বিশেষ জায়গা করে নিক।”
তৃণমূলের উত্তরীয় গলায় ১৮টি গ্র্যান্ডস্ল্যাম ও একটি অলিম্পিক্স মেডেল জয়ী লিয়েন্ডার বললেন, ‘‘দিদি সত্যিকারের চ্যাম্পিয়ন।” পুরোনো কথা তুলে ধরে লিয়েন্ডার বলেন, ‘‘আমি ১৪ বছর বয়সে যখন ভারতের জন্য টেনিস খেলতে যাই, তখন দিদি ক্রীড়ামন্ত্রী ছিলেন। সব সময় উৎসাহ দিতেন। মন্ত্রী হিসাবে সবসময় পাশে থাকতেন। আমি গত ৩০ বছর ধরে বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে চেষ্টা করেছি টেনিসের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছি, খেলেছি দেশের জন্য।’’
লিয়েন্ডার আরো যোগ করেন, ‘‘আজ অবসরের পর আমি চাইব এক মহিলা, যিনি বিপুল সাহসে এগিয়ে চলেছেন, তাঁর পাশে দাঁড়াতে। আমি চাইব রাজনীতির মাধ্যমে দেশের মানুষের সেবা করতে। চেষ্টা করব দেশের যুব সমাজের হয়ে কাজ করতে। সেই কারণে আমি দিদির সঙ্গে এসে যোগ দিয়েছি। আমার কাছে দিদি সত্যিকারের চ্যাম্পিয়ন। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এ দেশে জাত-ধর্ম-বর্ণের ভিত্তিতে কোনও বিভাজন তৈরি করা যায় না। আমি সেই বৃহত্তম গণতন্ত্রের একটা অংশ হতে চাই, কাজ করতে চাই। সেই কাজে দিদির পাশে দাঁড়াতে চাই।’’
Published on Friday, 29 October 2021, 3:37 pm | Last Updated on Friday, 29 October 2021, 3:38 pm by Bahok Desk









