বাহক নিউজ় ব্যুরো: বাঙালির কাছে দুর্গাপূজা একটি ইমোশন। বাঙালি না হলে এই অনুভূতিটা বোঝা খুব দুষ্কর । সবারই এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো না কোনো গল্প থাকে । এমনকি প্রত্যেক পুজোতে আরো নতুন গল্প তৈরী হয়। আর সেই গল্পই হয়ে ওঠে গোটা বছরের গল্প। পরিচালক ঋতুপর্ণ ঘোষ ও তার ‘উৎসব’ ছবিতে এক পরিবারের গল্প বলেছিলেন।আর এবার অন্য এক পরিবারের অন্যধারার গল্প বলতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক।
ছবির নাম ‘একান্নবর্তী-৫১ নয়, এক অন্ন’।
নামেই বোঝা যাচ্ছে পারিবারিক কাহিনী। গল্প লিখেছেন মৈনাক নিজেই। সেই সুবাদেই ‘জেনারেশন আমি’ ও ‘চিনি’র পর এক ছবিতে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য এবং সৌরসেনী মৈত্র। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অলকানন্দা রায় অনন্যা সেন। সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজার। এতেই দেখা গেল সুখ দুঃখকে কেন্দ্র করে এক টুকরো পরিবারের গল্প যার প্রেক্ষাপট দুর্গাপুজো।
এই ধাঁচের বাংলা ছবি আমরা আগে পাইনি এমন নয়। তবে মৈনাক চিরকালই ঋতুপর্ণ ঘোষের ছবি থেকে অনুপ্রাণিত হয়েছেন যেমন ‘উৎসব’ বা ‘বাড়িওয়ালী’। তার ‘একান্নবর্তী’ ও যে।এর ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য। উল্লেখ্য মৈনাক ভৌমিক এর হাত থেকে এর আগে এসেছে ‘ফ্যামিলি অ্যালবাম’ এর মত পারিবারিক ছবি। এর ফলে এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা থাকবে তা আন্দাজ করা যায়।
পরিচালক মৈনাকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘চিনি’, যা দর্শকদের ভাল লেগেছিল এবং করোনা আবহেও সিনেমা হলে গিয়ে তারা দেখেছিলেন ছবিটি। এরপর মৈনাক ওয়েব সিরিজ করেছেন এখন আবার হাত দিচ্ছেন সিনেমায়।পরিচালকের কথায়, “একান্নবর্তী যৌথ পরিবারের মেজাজটাকে উদযাপন করবে এই ছবি যখন বাড়ির পুজোয় তারা মিলিত হবে । বাড়ির পুজো গুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই ছবিকে একটা হ্যাপি সুইট ড্রামা বলা যায় ছবিটাকে যেখানে মন খারাপ করার সময়ে এটা আমাদের পজিটিভিটি দেবে ।” ছবির মিউজিক করেছেন প্রসেন আর ক্যামেরার দায়িত্বে প্রসেনজিৎ চৌধুরি।
আরও পড়ুন – ‘ধরা পড়বেন’ পোস্ট করলেন খ্যাতনামা প্রযোজক, প্রসঙ্গ টলি তারকাদের মাদক সেবন
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর মুক্তি পেয়েছিল পরিচালক মৈনাক ভৌমিকের ছবি চিনি। এই ছবিতে অভিনয় করেছিলেন মধুমিতা সরকার, অপরাজিতা আঢ্য এবং সৌরভ দাস। ছবিটা বেশ সফল হয়।দর্শকদের প্রশংসা পেয়েছিল এই ছবি। অন্যদিকে মিমি চক্রবর্তী কে নিয়ে ‘মিনি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মৈনাক।
Published on Saturday, 9 October 2021, 2:01 pm | Last Updated on Saturday, 9 October 2021, 2:06 pm by Bahok Desk









