বাহক নিউজ় ব্যুরো: এম্প্লয়িজ় স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ESIC)-র তত্ত্বাবধানে ৫০ হাজার ‘বেকার’ মানুষ উপকৃত হতে চলেছেন। করোনা পরিস্থিতিতে যারা কাজ হারিয়েছেন তাদের জন্য এই প্রকল্প কেন্দ্র সরকারের।
করোনা আবহে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল বেসরকারি সংস্থাগুলো। ফলে ছাঁটাই হয়েছিল অনেক কর্মী। অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনার মাধ্যমে সেই সকল কাজ হারানো শ্রমিকদের সাহায্য করার শেষ দিন ২০২১ সালের ৩০ জুন থেকে বাড়িয়ে ২০২২সালের ৩০শে জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। করোনা আবহে কাজ হারানো শ্রমিকেরা তিন মাসের জন্য এই প্রকল্পের সুবিধা পাবেন। কাজ হারানোর তিরিশ দিন পর থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যেতে পারে। কাজ হারানোর আগে শেষ তিনমাসের গড় বেতনের ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যেতে পারে।
এই প্রকল্পের আওতায় আসতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে, এম্প্লয়িজ় স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের সঙ্গে যুক্ত হতে হবে। ইএসআইসি শাখায় গিয়ে আবেদন করলে ব্যক্তির আবেদনপত্র খতিয়ে দেখে তারপর উপযুক্ত ব্যক্তিকেই অর্থ সাহায্য করবে কেন্দ্র।
বেসরকারি কর্মীদের এই সুবিধা পেতে গেলে কী কী বিষয় আবশ্যক দেখে নেওয়া যাক-
১.বেসরকারি ক্ষেত্রের কর্মীরা একমাস বেকার থাকলে তবেই এই সুবিধা পাবেন।
২. বেতন থেকে প্রতিমাসে পিএফ/ইএসআই কেটে নেওয়া হতো এরকম প্রতিষ্ঠান থেকে কাজ হারালে, তবেই তিনি এই সুবিধার যোগ্য।
৩. কাজ হারানো কর্মীদের পৃথক ইএসআই কার্ড থাকতে হবে
কোনো সংস্থা থেকে বহিষ্কৃত কেউই, ফৌজদারি মামলা আছে এমন কেউ বা স্বেচ্ছায় অবসর নিয়েছেন এমন কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না।
Published on Friday, 17 September 2021, 11:06 pm | Last Updated on Friday, 17 September 2021, 11:06 pm by Bahok Desk









