বাহক নিউজ় ব্যুরো: “কালীঘাটে করোনা কন্ট্রোল করার মেশিন আছে।” মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে এমন মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুর চড়িয়ে আরো বলেন, আগে উঁনি গুন্ডা কন্ট্রোল করতেন, এখন করোনা কন্ট্রোল করছেন।
কেন্দ্র পেট্রোল-ডিজেলের ওপর শুল্ক কমাতেই বিজেপির দাবি রাজ্য সরকারকেও ভ্যাট কমাতে হবে। সেই দাবি নিয়েই মিছিল এগোচ্ছিল মুরলীধর সেন লেন থেকে। মিছিল কিছু দূর এগোতেই পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় বিজেপি নেতা কর্মীদের। কোভিড পরিস্থিতিতে মিছিলের কোনো অনুমতি ছিল না বিজেপির কাছে। এরপরই সুকান্ত মজুমদার বলেন, “বিজেপির যে দিন মিছিল থাকে, সে দিনই করোনা বেরিয়ে পড়ে।”
ঠিক একদিন আগেই ছিল অভিষেক ব্যানার্জীর জন্মদিন। অভিষেকের রাস্তায় বেরোনো নিয়ে সুকান্ত বলেন, “জন্মদিনে জিনস পরে খোকাবাবু বেরিয়ে এলেন, আমরা খুব আনন্দ পেলাম। প্রচুর লোক, কারও মুখে মাস্ক নেই। তখন করোনা ছিল না।” মমতা ব্যানার্জীকে আক্রমণ করে এরপর বলেন, “পুলিশ যেভাবে মিছিল আটকাচ্ছে, তা দেখে আমি নিশ্চিত কালীঘাটে করোনা কন্ট্রোল করার মেশিন আছে। লালবাজারেও ২-৪টে এরকম মেশিন থাকতে পারে। যে দিন বিজেপির আন্দোলন থাকে, সে দিন করোনা রাস্তায় ছেড়ে দেওয়া হয়। মমতা ব্যানার্জী আগে গুণ্ডা কন্ট্রোল করতেন, এবার করোনাও কন্ট্রোল করছেন।”
পুলিশকেও ছেড়ে কথা বলেননি সুকান্ত, কটাক্ষ করে বললেন, “পুলিশের এখন দুটো কাজ। কালীঘাটের বাড়ি পাহারা দেওয়া ও বিজেপির মিছিল আটকানো।”
Published on Tuesday, 9 November 2021, 6:21 pm | Last Updated on Tuesday, 9 November 2021, 6:22 pm by Bahok Desk









