বাহক নিউজ় ব্যুরো: তাঁর সুরেলা গলাই তাঁর পরিচয় , অথচ সংগীতশিল্পীকে গান থেকে দূরে থাকতে হবে অসুস্থতার কারণে। তিনি সাহানা বাজপেয়ী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সংগীতশিল্পী জানালেন পরীক্ষা করে দেখা গিয়েছে তার স্বরযন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। এর ফলে আগামী এক মাস বা তারও বেশি কিছু সময়ের জন্য তাকে গান গাইতে বা চিৎকার না করার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
“আমার ঘর বান্ধিবি,পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে” সাহানার গলায় এই গান জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। শুধু লোকগীতি নয় তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীতও বরাবর পছন্দ করে এসেছেন দর্শক। একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। তাঁর অসুস্থতার খবর পেয়ে মন খারাপ সমস্ত অনুরাগীদের ।সোশ্যাল মিডিয়ায় সবাই তাঁর সুস্থতা কামনা করেছেন। প্রত্যেক চাইছেন সেরে উঠুক সাহানা।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সাহানা লিখেছেন, ” আমার একটি পরীক্ষা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে আমার স্বরযন্ত্রে বেশ রক্তক্ষরণ হয়েছে। আমাকে মাসখানেক গান গাইতে, কথা বলতে বা চিৎকার করতে বারণ করা হয়েছে ।” এখানেই থামেননি সাহানা। তিনি আরো লিখেছেন , “আমার এই পরিস্থিতির সঙ্গে আপনারা দয়া করে মানিয়ে নিন । আমি নিজেও আমার এই নীরব সত্তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি । এটি আমার এমন এক সত্তা যা আমি এতদিন নিজেই আবিষ্কার করে উঠতে পারিনি। যাদের উপর আমি চিৎকার করে তাঁদের একটু দূরে থাকার অনুরোধ করছি। আমি নিজের সঙ্গেও এই দূরত্ব তৈরি করছি।”
কয়েক ঘন্টা আগে সাহানার এই পোস্টের পরে শিল্পী নিজে ফেসবুকে তার সাম্প্রতিকতম একটি গানের লিংক শেয়ার করেছেন। লালনের ‘জাত গেল’ গানটি নয়া আঙ্গিকে উপস্থাপন করেছেন তিনি। সম্প্রতি একটি চলচ্চিত্রের জন্য রেকর্ড করেছেন ‘মুখ ফেরায় না মন’ গানটি। কিন্তু তারপরেই মনখারাপি পোস্টে জানালেন আপাতত বাধ্য হয়েই গান শোনার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।
Published on Saturday, 13 November 2021, 10:00 pm | Last Updated on Saturday, 13 November 2021, 10:00 pm by Bahok Desk









