বাহক নিউজ় ব্যুরো: আগামী বছর উত্তর প্রদেশ, পাঞ্জাব সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। ২০২৪শের আগে এটি বড় পরীক্ষা হতে চলেছে কংগ্রেস, বিজেপি দুই দলের কাছেই।২০২৪ লোকসভা ভোটের কিছুটা আগে থেকে জমি শক্ত করতে যোগী রাজ্য থেকেই প্রচার শুরু করতে চলেছে কংগ্রেস। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘জনতা কি রিপোর্টারে’র মতো অভিনব কিছু উদ্দ্যোগ নিচ্ছে তারা।
সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে একটা বড় ভূমিকা পালন করে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার সেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েই জনতার মন জিততে চাইছে কংগ্রেস। অফলাইনে অনেকের পক্ষে নেতাদের সাথে কথা বলা সবার পক্ষে সম্ভব হয় না দূরত্বের কারণে বা সময়ের কারণে। এবার ভোটারদের সঙ্গে সরাসরি ফেসবুক লাইভে কথা বলবেন নেতারা। একইসঙ্গে একটি অভিনব উদ্দ্যোগের পরিকল্পনা করেছে কংগ্রেস। সাধারণ মানুষ অভাব অভিযোগগুলো ভিডিও করে কংগ্রেস নেতাদের পাঠাবেন, কংগ্রেস নেতারা সেগুলো সমাধানের চেষ্টা করবেন আগামী বছরের ভোটের প্রচারে সেগুলো ব্যবহারের মাধ্যমে। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘জনতা কা রিপোর্টার’।
এভাবেই পাড়ায় পাড়ায় সহজেই পৌছে যেতে চাইছে কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান রোহন গুপ্তা জানান, “আমরা চাই সাধারণ মানুষ নিজেদের আশেপাশে এলাকার নানা সমস্যা নিয়ে কথা বলুক, বাকিদের সচেতন করুক। ভোটাররা যদি নিজেদের এলাকা সম্পর্কে সচেতন হন, তার জন্য কংগ্রেসের আইটি দলের স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শীঘ্রই উত্তর প্রদেশ থেকে এই কর্মসূচি শুরু হবে।”
সোশ্যাল মিডিয়াকে যে বেশ গুরুত্ব দিচ্ছে কংগ্রেস, সেটি বোঝা যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে অপারদর্শী দলের কয়েকজন শীর্ষনেতাকে ট্রেনিং দেওয়ার বিষয়টি দেখে। তেমনই কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপাতত কয়েকশো অদক্ষ কর্মী সোশ্যাল মিডিয়ার ব্যাবহার শিখছে, পরবর্তীতে এরাই জেলায় জেলায় গিয়ে লক্ষাধিক অদক্ষ কর্মীকে প্রশিক্ষণ দেবে।
Published on Sunday, 19 September 2021, 11:48 am | Last Updated on Sunday, 19 September 2021, 11:48 am by Bahok Desk









