বাহক নিউজ় ব্যুরো: এনইটি পরীক্ষা হবে চলতি বছরে নভেম্বর মাসে ১৩ ও ১৪ তারিখে। কিন্তু, আচমকাই এনবিআই (ন্যাশনাল বোর্ড অফ এক্সাম) জারি করে নয়া বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এনইইটি (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর পরীক্ষার ধরণে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই নড়ে চড়ে বসে চিকিৎসক মহল এবং সুপ্রিম কোর্টে দায়ের করে দেয় মামলা।
আদালতে মামলা দায়ের করে ৪১ জন চিকিৎসক। উল্লেখ্য, এই মামলার শুনানি হয় বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়-এর অধীনে। এই শুনানিতেই বিচারপতিরা এনবিই-কে বলেন, “আপনাদের চিকিৎসকদের জীবন নিয়ে খেলার কোনো অধিকার নেই। যেখানে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছিল, সেখানে ওই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষা হওয়ার আগেই কেন পরীক্ষার প্যাটার্ন বদলানোর ঘোষণা করা হল? কয়েকজনের ক্ষমতা আছে শুধুমাত্র এই কারণেই সেটা ব্যবহার করবেন? ক্ষমতার এই খেলায় চিকিৎসকদের ফুটবলের মতো ব্যবহার করবেন না”।
একই সঙ্গে ডিভিশন বেঞ্চ ন্যাশনাল বোর্ড অফ এক্সাম-কে উপদেশ দেন যে, তাঁরা যেন পুরো ব্যাপারটিই বিবেচনা করে দেখেন। এই উপদেশের কারণ হিসেবে বিচারপতিরা যুক্তিও দেখিয়েছেন। তাঁরা দাবি করেছেন যে, যেখানে পরীক্ষা হতে মাত্র দু মাস বাকি, সেখানে এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের আচমকাই এই সিদ্ধান্ত অমানবিক। যেহেতু পরীক্ষার ধরণ দেখেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়, তাই পরীক্ষার ঠিক দু মাস আগেই প্যাটার্ন পরিবর্তন করলে পড়ুয়াদের মধ্যে অযথা উদ্বেগের সৃষ্টি হবে। এই সমস্ত বিষয় বিবেচনা করেই বিচারপতিরা পরের ব্যাচে প্যাটার্ন বদলানোর নির্দেশ দিয়েছেন।
Published on Tuesday, 28 September 2021, 11:13 pm | Last Updated on Wednesday, 29 September 2021, 10:19 am by Bahok Desk









