বাহক নিউজ় ব্যুরো: একবিংশ শতকেও বহু পরিবারে কন্যা সন্তানের চেয়ে পুত্রসন্তান হলে বেশি খুশি হতে দেখা যায়। অবাক হওয়ার বিষয় দেশের অনেক ‘শিক্ষিত’ পরিবারেরও এমনটা দেখা যায়। ভোপালে দেখা গেল অন্য ছবি। কন্যাসন্তানের বাবা হতে পারার আনন্দে পঞ্চাশ হাজার টাকার ফুচকা খাওয়ালেন এক ফুচকা বিক্রেতা।

কন্যাভ্রুণ হত্যা এখনও যে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে, তা নয়। দেশের কিছু গ্রামাঞ্চলে এখনও কন্যাভ্রূণ হত্যার খবর পাওয়া যায় মাঝেমাঝে। অনেক সময় এমনও হয়, কন্যাসন্তান জন্ম দিলেও তার প্রতি অবহেলা করা হয় বা বিভিন্ন রকম বঞ্চনা করা হয়। সেখানে সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল ভোপালে। কন্যাসন্তানের বাবা হওয়ার পর সেই আনন্দে বিনামূল্যে সবাইকে ফুচকা খাওয়ালেন এক ফুচকা বিক্রেতা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সপ্তাহ দুয়েক আগে তাঁর স্ত্রীর কোল আলো করে এক কন্যাসন্তান জন্ম নেয়। সন্তান হওয়ার আনন্দে ভোপালের কোলার এলাকার বাসিন্দা ওই ফুচকা বিক্রেতা সবাইকে বিনামূল্যে ফুচকা খাওয়ালেন। হিসাব করে দেখা গেল প্রায় ৫০ হাজার টাকার ফুচকা খাইয়েছেন তিনি।

কন্যাসন্তানের বাবা অঞ্চল গুপ্ত নামের ওই বিক্রেতা জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের বাবা হলেন তিনি, প্রথমবার হলেন কন্যাসন্তানের বাবা। সেই আনন্দেই সবাইকে ফুচকা খাওয়ানোর কথা ভাবেন তিনি। বেশ কিছুদিন আগে থেকেই সবাইকে জানাতে শুরু করেন ফুচকা খাওয়াতে চান।

বন্ধুবান্ধব, পরিবার সহ ওঁর ক্রেতারা নিমন্ত্রণ পেয়ে চলে আসেন। ফুচকার মতো লোভনীয় খাবার বিনামূল্যে পাওয়া যাচ্ছে খবর পেয়ে আরো অনেক মানুষ চলে আসেন ফুচকা খেতে।খবর সংগ্রহ করতে উপস্থিত হন সাংবাদিক, ফুড ব্লগাররাও। ফুচকা খেতে লম্বা লাইন পড়ে যায়।

Published on Monday, 27 September 2021, 11:52 pm | Last Updated on Monday, 27 September 2021, 11:52 pm by Bahok Desk