বাহক নিউজ় ব্যুরো: আজ কার্যত কোয়াটার ফাইনাল। মুখোমুখি নিউজিল্যান্ড ও ইন্ডিয়া। ধরে নেওয়া হচ্ছে দুই দলই পরবর্তী ম্যাচ গুলোতে হারাতে পারবে আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ডকে। তাই আজকের ম্যাচে যে জিতবে সে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে যাবে। যে হারবে সে কোনো অঘটন না ঘটলে কার্যত ছিটকে যাবে ওয়ার্ল্ড কাপ থেকে। কিন্তুু এখনও প্রথম একাদশ নির্বাচন করেনি টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে বিরাট জানালেন সেরকমটাই।
বিরাটে কথায় আজকের ম্যাচে ষষ্ঠ বোলার লাগবেই। সেটা হার্দিক হতে পারেন, অথবা বিরাট নিজেও হতে পারেন। একটা-দুটো ওভার কোনো একজন বল করবেন। তবে পরিস্থিতির উপর সেটা নির্ভর করবে, বিপক্ষ টিম আগে ব্যাট করলে ষষ্ঠ বোলারের হাতে বল তুলে দিতে চাইবেন বিরাট।
হার্দিক এখন পুরোপুরি সুস্থ তবু নিশ্চিত নয় আজ মাঠে নামানো হবে কিনা। শার্দুল ঠাকুরকে নামাতেও পারে ইন্ডিয়া। অথবা খেলতে পারেন ভুবনেশ্বর। সেটিও এখনও নিশ্চিত করে বলে পারছেন না বিরাট। এই প্রসঙ্গে অধিনায়ক বললেন, “শার্দুল নিশ্চিত ভাবেই আমাদের পরিকল্পনাতে আছে। ও টিমের গভীরতা বাড়াতে পারে। তবে, শার্দূলকে খেলানো হবে কিনা, বা কোন ভাবনা থেকে ও খেলবে, সে সব নিয়ে এখনই আলোচনা করতে চাইছি না।”
আগেরদিনের শোচনীয় পরাজয় সম্পর্কে বিরাট বললেন, “ব্যর্থতা মেনে নিতে হয়, পাকিস্তান যে আমাদের সব বিভাগেই উড়িয়ে দিয়েছিল, সেটা মেনে নিতে হবে। কোনও ইগো ছাড়া, কোনও অজুহাত না দিয়ে এটা মানতেই হবে। এটাই যে পেশাদার ক্রিকেট। আমরা কার্যত কিছুই করতে পারিনি। টিম হিসেবে আমরা ব্যর্থ হয়েছিলাম। কোনও অজুহাত না দিয়ে সামনে তাকাতে হবে।”
টিমের মেন্টর যেহেতু ধোনি, সেহেতু টিম অপরিবর্তিত থাকতে পারে। হারলেও এই অপরিবর্তিত টিমের ফর্মুলাই সাফল্য এনে দিয়েছিল সিএসকেকে। শেষ উনিশ বছরের আইসিসির কোনো ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। টিম যাই হোক না কেন, আজ খরা কাটিয়ে সেমিফাইনালের দিকে পা বাড়াতে মরিয়া বিরাট বাহিনী।
Published on Sunday, 31 October 2021, 2:14 pm | Last Updated on Sunday, 31 October 2021, 2:14 pm by Bahok Desk









