বাহক-কৃষি কাজের সঙ্গে যুক্ত মহিলাদের কৃষক সংগঠনে আরো বেশি বেশি করে যুক্ত করতে চায় তৃনমূল। ওই সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে মহিলাদের ও গুরুত্ব দেওয়ার কথা ও সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্ব দিয়েছেন।
রবিবার বাগনানে কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এককালের শ্রমিক আন্দোলনের নেতা পূর্ণেন্দু বসু বলেন, বিভিন্ন কলকারখানায় মহিলা শ্রমিক আন্দোলন করে তাদের অনেকটাই প্রাপ্য আদায় করে নিয়েছেন। অনুরূপভাবে কৃষি কাজের সঙ্গে যুক্ত মহিলাদের ও তাদের সংগঠনের সঙ্গে যোগ দিতে এবং নেতৃত্ব নিতে আহ্বান জানান। তিনি বলেন, এইসব ক্ষেত্রে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদেরও অগ্রণী হতে পূর্ণেন্দুবাবু বলেন। পাশাপাশি তিনি কৃষক সংগঠন কে আরো মজবুত করার উপরে বেশি জোর দেন।
দিল্লি শহর সারা দেশের বিভিন্ন স্থানে কৃষক আন্দোলনের কথা উল্লেখ করে পূর্ণেন্দু বসু বলেন অভিজ্ঞতা থেকে দেখা গেছে “কৃষকরা যখন রাস্তায় নামে তখন সরকার পরিবর্তনের সূচনা হয়েছে হয়ে থাকে”। কৃষকদের এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন কৃষকদের আন্দোলনের সঙ্গে যুক্ত দেশ সরকার দমনমূলক নীতি হিসেবে রাষ্ট্রদ্রোহিতার মামলা করছে। তিনি বলেন রাষ্ট্রদ্রোহিতা আইনের প্রতিবাদে নামতে হবে। ইতিমধ্যে ফেসবুক-টুইটারে এর বিরোধিতা শুরু হয়েছে। আদালত এ নিয়ে প্রশ্ন তোলার পরেও কেন্দ্রীয় সরকার শিক্ষা নেয়নি বলে পূর্ণেন্দু বাবু মন্তব্য করেন। কৃষি আইনেরও বিরোধিতা করে তিনি বলেন এই কৃষি আইনগুলো কৃষকের জমি, ফসল, জীবন-জীবিকা কেড়ে নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য। এইগুলো সাধারণ কৃষকদেরকে বোঝাতে হবে। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ফল আরো ভালো করার দায়িত্ব কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসকে নিতে হবে বলেন সংগঠনের পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি পূর্ণেন্দু বসু।
হাওড়া জেলার এই সম্মেলন বসেছিল বাগনানের ফ্লাইওভারের কাছে একটি বড় হলে। সেখানে তিল ধরনের জায়গা ছিল না।
সম্মেলনে অন্যদের মধ্যে হাওড়া গ্রামীন জেলা তৃনমূলের সভাপতি ও রাজ্যের জনসাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, বাগনানের বিধায়ক অরুনাভ সেন, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি, আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, বাগনান কেন্দ্রের কৃষক নেতা তথা বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু, বাগনান কেন্দ্রে তৃণমূল সভাপতি মানস বসু প্রমুখ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ কিষান ও ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার সভাপতি তপন চক্রবর্তী সভায় পৌরোহিত্য করেন।
সৈয়দ আবু মহম্মদ ফারহান
Published on Sunday, 18 July 2021, 11:55 pm | Last Updated on Monday, 19 July 2021, 2:45 pm by Bahok Desk









