বাহক নিউজ় ব্যুরো: সেপ্টেম্বর মাসের শেষের দিকেও পশ্চিমবঙ্গের বাঙালির পাতে পড়েনি পদ্মার ইলিশ। এখন যে ইলিশগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর সাইজ ছোট, স্বাদ ততটা ভালো নয় এবং দামও অনেক বেশি। তবে কলকাতার বাঙালিদের জন্য সুখবর, বুধবার অর্থাৎ আগামীকালই কলকাতায় ঢুকবে পদ্মার ইলিশ।

মহালয়ার আগেই ওপার বাংলা থেকে ‘উপহার’ পাঠাচ্ছেন শেখ হাসিনা। অল্প নয়, সবমিলিয়ে আসবে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ! রোজ ১০০-২০০ মেট্রিক টন ইলিশ এসে পৌছাবে এই দেশে। বুধবার থেকে শুরু হবে পদ্মার বড় সাইজের ইলিশ আমদানি। ১০ই অক্টোবরের মধ্যে মোট ২হাজার ৮০ মেট্রিক টন ইলিশ আসবে পশ্চিমবঙ্গে। পুজোর উপহার হিসেবে পশ্চিমবঙ্গের বাঙালিদের পদ্মার ইলিশ পাঠানো হচ্ছে, গতপরশু ঢাকা সচিবালয় থেকে একথা জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

একেকটি ইলিশের ওজন হবে, ৮০০-১২০০ গ্রাম। গতবছর এসেছিল প্রায় ৫০০ টন ইলিশ। এবছর গতবছরের চার গুণ বেশি ইলিশ পাবে এপার বাংলা।ইলিশপ্রেমী বাঙালিদের জন্য এটি খুবই খুশির খবর। কারণ এত পদ্মার ইলিশ শেষ কবে এসেছে সেটা মনে করতে পারছে না অনেকেই। দাম সম্পর্কে কোনো অনুমান করা না গেলেও, এত ইলিশ যখন আসছে তখন দাম মধ্যবিত্তের নাগালেই থাকবে একথা বলাই যায়।

২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি করে না বাংলাদেশ। তবে উৎসবের মরসুমগুলোতে বিশেষ করে দুর্গাপুজোর সময় এপার বাংলার মানুষের জন্য পদ্মার ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার।

Published on Tuesday, 21 September 2021, 11:37 am | Last Updated on Tuesday, 21 September 2021, 11:38 am by Bahok Desk