বাহক নিউজ় ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করে যখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছিল, ঠিক তখনই তৃতীয় ঢেউ আছড়ে পড়ল দেশের দুই বড় শহর মুম্বাই ও নাগপুরে।
মহারাষ্ট্রের মন্ত্রী নীতিন রাউত জানিয়েছেন, করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হতে চলেছে খুব শীঘ্রই। তিনি আরো বলেন, “নাগপুরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে যে কোনও সময়। কারণ দু’দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হয়েছে। দোকান খোলা বা অন্যান্য করোনা সংক্রান্ত বিধিনিষেধ আবার ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষের জীবন রক্ষা করা আমাদের কর্তব্য।”
মুম্বইয়ের ছবিটাও মোটামোটি একই। মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন, “তৃতীয় ঢেউ আসছে নয়, তৃতীয় ঢেউ এসে গিয়েছে।” সতর্ক করে তিনি সাধারণ মানুষকে বাড়িতে থাকার অনুরোধ জানান। মুম্বাইয়ে বড় উৎসব গণেশ পুজো আসতে আর বেশিদিন বাকি নেই। ফলে অতিরক্ত ভিড়ে সাধারণ মানুষ করোনাবিধি কতটা মানবে সেটাই বড় প্রশ্ন। ফলে করোনা সংক্রমণ এড়াতে অতিরিক্ত সতর্ক মহারাষ্ট্র প্রশাসন।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে ফের করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের কথা মাথায় রেখে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজনৈতিক মিছিল,জমায়েত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছিলেন,”সাধারণ মানুষের স্বাস্থ্য অত্যন্ত জরুরি। উৎসব ভবিষ্যতেও পালন করা সম্ভব। করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে পরিস্থিতির অবনতি হবে। আগে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তবে আমরা করোনার তৃতীয় ঢেউ এড়াতে পারব।”
Published on Wednesday, 8 September 2021, 10:55 pm | Last Updated on Wednesday, 8 September 2021, 10:55 pm by Bahok Desk









