বাহক নিউজ় ব্যুরো: মাসখানেক আগেই টোকিও নগরীতে বহু ইতিহাস গড়েছে ভারতীয় অ্যাথলিটরা। আসমুদ্রহিমাচল বিপুল উচ্ছ্বাস চোখে পড়েছে।
এবার, আন্তর্জাতিক হকি ফেডারেশনের সম্মাননা ও পুরষ্কার প্রদানের অনুষ্ঠানে লেখা হল নয়া ইতিহাস।
বর্ষসেরা পুরুষ হকি প্লেয়ার হয়েছেন- হরমনপ্রীত সিং। বর্ষসেরা মহিলা প্লেয়ার হয়েছেন- পাঞ্জাবি তারকা গুরজিৎ কৌড়। সেরা গোলরক্ষক পুরুষ ও মহিলা যথাক্রমে- পি সৃজেশ ও সবিতা পুনিয়া। ‘বর্ষসেরা উঠতি তারকা’ মহিলা ও পুরুষ যথাক্রমে- শর্মিলা দেবী ও বিবেক প্রসাদ।
প্রাপ্তির তালিকা এখানেই শেষ নয়। ভারতীয় পুরুষ দলের কোচ গ্রাহাম রেইড এবং মহিলা দলের কোচ শোর্ড মেরিনে বর্ষসেরা কোচ হিসেবে মনোনীত হয়েছেন।
প্রসঙ্গত, সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের হকি সংস্থার কোচ-অধিনায়ক-খেলোয়াড়রা ভোট দিয়েছেন সেরা তারকা নির্বাচনে। পাশাপাশি, মিডিয়া ও হকিপ্রেমীরাও এতে অংশগ্রহণ করেছেন।’নজিরবিহীন ভাবে সারা দুনিয়াজুড়ে তিন লক্ষের বেশি ফ্যানের ভোট পড়েছে’ জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। সাথে যোগ করেন, ‘আমরা আশা রাখছি, হকি আগামীতে দ্বিগুণ জনপ্রিয়তার সাথে ছড়িয়ে পড়বে সমস্ত দেশ-মহাদেশের কোনায় কোনায়’
আরও পড়ুন – বোর্ডের পাশেই ফিঞ্চ-পেইনরা। নভেম্বরে আফগান টেস্ট ঘিরে বিতর্ক!
টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভারতীয় হকি দলের প্রতি ভেসে এসেছে অসংখ্য শুভেচ্ছাবার্তা। বলাই বাহুল্য, জার্মানদের রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত করে ৪১ বছর বাদে অলিম্পিক পদকজয়ী মনপ্রীত এবং চতুর্থ স্থানে শেষ করা লড়াকু রানি রাম্পালদের মনোবল আরও চাঙ্গা হল এই সাফল্যে। ‘২২ এর এশিয়ান গেমস ই এখন তাঁদের মূল লক্ষ্য।
Published on Thursday, 7 October 2021, 1:57 pm | Last Updated on Thursday, 7 October 2021, 1:57 pm by Bahok Desk









