বাহক নিউজ় ব্যুরো: ভবানীপুর উপনির্বাচনে কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জোট সঙ্গী সিপিআইএমের প্রার্থীর সমর্থনেও প্রচার করছে না কংগ্রেস। ফলে রাজনৈতিক মহলের একাংশ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের আঁতাতের দাবি করেছিলেন। তবু ভোট প্রচারে এসে বিজেপি, সিপিএমের সঙ্গে কংগ্রেসের সমঝোতার দাবি করলেন মমতা ব্যানার্জী।

রবিবার ভবানীপুরের একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নিজেদের ভোটটা ভাল করে দেবেন৷ বিজেপি-র অনেক রকম চাল থাকবে৷ তার সঙ্গে রয়েছে সিপিএম এবং কংগ্রেস৷ মানে জগাই, গদাই আর মাধাই৷ মানে একটা বিজেপি, একটা সিপিএম, একটা কংগ্রেস৷”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ভবানীপুরে ভোট দানের হার রাজ্যের অন্য বিধানসভা অঞ্চলের থেকে কিছুটা কম হয়, বিরোধী দলগুলো একজোট হয়ে ভোট শতাংশ আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে বলে মমতার আশঙ্কা। এ সম্পর্কে মমতা বলেন, “ভোটটা ভাল করে দেবেন৷ ভবানীপুরে এবার যেন একশো শতাংশ ভোট পড়ে৷ প্রত্যেক বারই এখানে তিরিশ, চল্লিশ শতাংশ ভোট কম পড়ে৷”

তবে আজই প্রথম নয়, ভবানীপুর উপনির্বাচনের প্রচারে আগেও কংগ্রেসকে বিরুদ্ধে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। মমতা ব্যানার্জী কংগ্রেস ও বিজেপির সমঝোতার দাবি করে প্রশ্ন তুলেছিলেন, সিবিআই কেন কংগ্রেস শীর্ষ নেতাদের কখনও গ্রেফতার করে না? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভবানীপুর বিধানসভা অঞ্চলটিতে কংগ্রেসী মনোভাবাপন্ন অনেক মানুষ এখনও আছেন এবং যেহেতু কংগ্রেস প্রার্থী দিচ্ছে না তাই কংগ্রেসের ভোটারদের নিজেদের দিকে টানতেই এই পন্থা অবলম্বন করছে তৃণমূল।

Published on Monday, 27 September 2021, 9:08 am | Last Updated on Monday, 27 September 2021, 9:10 am by Bahok Desk