
Bahok News Bureau: ময়ূখ রঞ্জন ঘোষ (Mayukh Ranjan Ghosh) সাংবাদিক মহলে তাঁর বেশ নামডাক। তিনি এমনিতে চোখে চোখ রেখে প্রশ্ন করেন। সন্ধ্যা নামলেই তাঁর কণ্ঠের মাধ্যমে জবাব চায় বাংলার মানুষ। এই মানুষটিকেই এবার হাজির হতে দেখা গেল কলকাতা বইমেলায়। না, তিনি জবাব চাওয়ার জন্য বইমেলায় হাজির হননি। তিনি হাজির হয়েছেন ‘এক মুঠো ময়ুখের গল্প’ (Ek Mutho Mayukher Golpo) শোনাতে।

সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ:
সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ স্নাতক ডিগ্রি লাভ করেন সিটি কলেজ থেকে। তিনি মূলত ইংরেজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। তবে, অনার্স নিয়ে পড়ার পরেও তিনি শিক্ষকতার দিকে ঝুঁকে যাননি। এগিয়ে গেলেন সংবাদ জগতের অজানা সফরে। এই সফর তিনি শুরু করেন দেশের অন্যতম সংবাদ সংস্থা ‘টাইমস নাও’-এর হাত ধরে। তারপরে তিনি বাংলায় এসে অংশ হয়ে যান ‘রিপাবলিক বাংলা’র। এই চ্যানেলের জন্মলগ্ন থেকেই তিনি সিনিয়র এডিটর। তিনি দায়িত্ব নেওয়ার পরে আশাহত করেননি সংস্থার কর্ণাধার অর্ণব গোস্বামীকে (Arnab Goswami)। তাঁর সিদ্ধান্তকে কার্যত ঠিক প্রমাণ করে ময়ূখ এখনও এগিয়ে নিয়ে যাচ্ছেন ‘রিপাবলিক বাংলা’কে।

লেখক ময়ূখ রঞ্জন ঘোষ:
হাজারো চোখরাঙানি এড়িয়ে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে সাংবাদিক হিসাবে তিনি ইতিমধ্যে নিজের একটা পরিচয় বানিয়ে নিয়েছেন। তবে, তিনি শুধুমাত্র চোখে চোখ রেখে প্রশ্ন করাতেই দক্ষ নন। তাঁর দক্ষতা ধরা পড়েছে লেখনীতেও। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। বিভিন্ন বিষয়ে তাঁকে লেখা পোস্ট করতে দেখা যায়। তাঁর সেই লেখা পাঠ করেন বহু মানুষ। সেই সূত্রেই, পাঠকদের মধ্যে একজন সুদক্ষ লেখক হিসাবে তাঁর আরেক পরিচয় উঠে আসে। বিষয়টা জ্যোতি বসুকে কেন্দ্র করে হোক বা রামমন্দিরকে কেন্দ্র করে, পাকিস্তানকে নিয়ে হোক বা অন্য কোনো বিতর্কিত বিষয়ে, তাঁর পোস্ট প্রকাশ্যে এলেই নেটিজেনদের তরফে অগণিত লাইক-শেয়ার ও মন্তব্য দেখতে পাওয়া যায়।
তবে, তিনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার লেখক হিসাবেই পরিচিতি পাননি। বই প্রকাশিত করার মাধ্যমে তিনি একজন সুপরিচিত লেখকও হয়ে উঠেছেন। এর আগে গত বছরে কলকাতা বইমেলায় তাঁর ‘প্রথম বই’ (Prothom Boi) প্রকাশিত হয়েছিল। ময়ূখ নিরাশ করেননি প্রকাশককেও। তাঁর লিখিত বই কেনার চাহিদা এতটাই বেশি ছিল যে, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল প্রকাশনা সংস্থাকে। এই বছর কলকাতা বইমেলাতেও তিনি এলেন আরেক বই নিয়ে। প্রকাশিত হল তাঁর দ্বিতীয় বই ‘এক মুঠো ময়ূখের গল্প’। তিনি স্টলের ঠিকানাও জানিয়ে দিয়েছেন। শালিধান প্রকাশনের স্টল অর্থাৎ স্টল নম্বর ৩৭১, গেট নম্বর ৮-এর কাছে পাওয়া যাবে ময়ূখ রঞ্জন ঘোষের দ্বিতীয় বই।

Published on Friday, 3 February 2023, 8:27 pm | Last Updated on Friday, 3 February 2023, 8:27 pm by Bahok Desk








