বাহক নিউজ় ব্যুরো :করোনা আবহে বন্ধ হয়েছিল ক্লাস রুম। এখন পরিস্থিতি তুলনায় কিছুটা স্বাভাবিক হলেও খোলেনি ক্লাস রুম। তাই রাস্তাকেই ক্লাস রুম বানিয়ে ফেলল যাদবপুরের এসএফআই।

 

গেট দিয়ে ঢুকতে চোখে পড়বে ‘মগজের কারফিউ ভাঙার ক্লাসরুম’। ‘বিকল্প নয় গুগুল, জুম/ রাস্তাই হোক ক্লাস রুম’ এমন স্লোগানই পোস্টারে দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরের রাস্তায়। করোনা দ্বিতীয় ঢেউ এখন দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। খুলছে শপিংমল, রেস্তোরা, সিনেমা হল, চলছে বাস, অটো। তবু খোলেনি রাজ্যের কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তাই এবার রাস্তাকেই রাস্তা হিসেবে বাছলেন যাদবপুরের ছাত্র-ছাত্রীদের একাংশ।উদ্যোগ নিলো ভারতের ছাত্র ফেডারেশন। ভারতের ছাত্র ফেডারেশনের এক ছাত্র নেতা জানালেন, “সবকিছুই খুলে গিয়েছে, শুধু পঠন পাঠন বন্ধ। আমরা অনেকবার আবেদন করেছিলাম কিন্তুু কোনো লাভ হয়নি। তাই রাস্তাকেই বেছে নেওয়া হল। অতীতে বিশ্বভারতীতে মুক্ত পরিবেশে ক্লাস হয়েছিল,আমাদেরও সেরকমই করতে হচ্ছে। ”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

কম্পিউটার সায়েন্সের অধ্যাপিকা নন্দিনী মুখার্জি সহ আরো বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে এগিয়ে এসেছেন। গুগুল মিট বা জুম অ্যাপে ক্লাসকে বিকল্প বলে মনে করছে না এসএফআই, কারণ আবহাওয়ার কারণে বা প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীদের নেটওয়ার্ক পেতে সমস্যা হয়, এছাড়া সামনা সামনি বসে যেভাবে শিক্ষাদান বা শিক্ষাগ্রহণ করা সম্ভব দূর থেকে অনলাইনে সেভাবে সম্ভব না বলেই মনে করছে তারা।

 

আপাতত তিনদিনের জন্য এই ক্লাস রুম চালু হচ্ছে। ছাত্র-ছাত্রীদের যোগদানে ভবিষ্যতে আরো বেশিদিন পর্যন্ত এই ক্লাস রুম চলবে বলে জানায় যাদবপুরের এসএফআই। তাদের এই নতুন পন্থা সফল হলে ক্লাস রুম খোলার দাবি আরো জোরালো হবে বলে মনে করছে ছাত্র-ছাত্রীরা।

Published on Tuesday, 10 August 2021, 7:52 pm | Last Updated on Tuesday, 10 August 2021, 8:18 pm by Bahok Desk