বাহক নিউজ় ব্যুরো: হাওড়া রেলওয়ে স্টেশন থেকে গুয়াহাটিগামী ট্রেনের যাত্রীরা সাক্ষী থাকলো একটি বিশেষ ঘটনার। ট্রেনেই জন্ম হল এক শিশুর।
গুয়াহাটিগামী ট্রেনটিতে ছিলেন একজন গর্ভবতী মহিলা। রাতটা ঠিকমতো কাটলেও ভোরের দিকে শুরু হয় প্রবল প্রসব যন্ত্রণা। ভোর প্রায় চারটে নাগাদ যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই মহিলা। ট্রেন তখন নিউ কোচবিহার স্টেশনের কিছুটা আগে। আশেপাশের যাত্রীরা নিউ কোচবিহার স্টেশনে নামার পরামর্শ দেন ভদ্রমহিলাকে। কোচবিহার স্টেশনে ট্রেন যখন ঢুকবে, তখন মহিলার অবস্থা আরো খারাপের দিকে যায়। ট্রেন থেকে নেমে হাসপাতালে যাওয়ার সময়টুকু ও পাওয়া যেত না। তাই ট্রেনের মধ্যেই খোঁজ শুরু হল কোনো ডাক্তারের। কিছুক্ষণ খোঁজার পর একজন মহিলা ডাক্তারকে পাওয়া গেল। সুচেতা সাহা নামের ওই মহিলা ডাক্তার সেই সময় অবিস্মরণীয় ভূমিকা পালন করলেন। আরো দুইজন মহিলাকে সাথে নিয়ে শুরু হল প্রসব করানোর জন্য প্রয়োজনীয় কাজ। অনেক প্রতিকূলতার পর অবশেষে গর্ভবতী মহিলাটি একটি পুত্র সন্তানের মুখ দেখলেন।
পররবর্তী সময়ে মেডিকেল টিম নিউ কোচবিহার স্টেশনে আসে। শিশুর মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান মা ও শিশু, দুইজনেই সুস্থ আছে। এই কাজে যথাসম্ভব সাহায্য করেছেন নিউ কোচবিহারের আরপিএফ টিম। সরাইঘাট ট্রেনের প্যান্ট্রি দলও তাদের সাধ্যমত সাহায্য করেছে।
হঠাৎই সমস্যার সম্মুখীন হয়েছিলেন গর্ভবতী মহিলাটি, কিন্তুু সহযাত্রী ও রেলের কর্মীরা যেভাবে সহযোগীতা করলেন এবং একটা নতুন জীবনকে পৃথিবীর আলো দেখালেন সেটি উপস্থিত সকলেরই স্মরণীয় ঘটনা হয়ে থেকে যাবে অনেকদিন।
Published on Sunday, 22 August 2021, 11:20 pm | Last Updated on Sunday, 22 August 2021, 11:20 pm by Bahok Desk










