বাহক নিউজ় ব্যুরো: পোস্তা উড়ালপুল ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসতে চলেছে নতুন ছবি ‘কোলকাতা চলন্তিকা’। ছবির পরিচালক পাভেল। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, সৌরভ দিস, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায় , খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত (বং গাই) এবং আরো অনেকে।
ইতিমধ্যে শুরু হয়ে গেছে ছবির শুটিং। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন শতদ্রু চক্রবর্তী। “বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্ট”এর ব্যানারে মুক্তি পাবে পাভেলের এই আগামী ছবি।
ছবির প্রসঙ্গে পাভেল বলেন, ‘আমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত, আমার পুরো বড়ো হওয়া জুড়েই গাঁথা রয়েছে “কোলকাতা চলন্তিকা”-র বীজ। আমি এক আদ্যন্ত শহুরে কাক। কোলকাতার অলিগলি, রাস্তাঘাট, আমার ঘরবাড়ি। যখন স্বাতীদি মানে অধ্যাপিকা স্বাতী বিশ্বাসের সাথে আমার দেখা হল তখন আমি ওর মধ্যেও সেই একই ধরণের নস্টালজিক রোম্যান্স, মানে কোলকাতা নিয়ে সেই আবেগটা দেখতে পেলাম। “কোলকাতা চলন্তিকা”-র চিত্রনাট্য ও সংলাপ আমার করা হলেও এই গল্পটা লিখেছি, স্বাতীদি এবং আমি, আমরা দুজন মিলেই।”
পরিচালক পাভেলের কাছে এই শহর কোলকাতা একটি চরিত্র আর এখানে ঘটে যাওয়া প্রত্যেকটা ছোটো বড়ো ঘটনা তাঁর মনে দাগ কাটে। তাঁর কথায় “পরিচালক হিসেবে আমাকে বরাবর সেই ঘটনাগুলো টানে যেগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের প্রভাবিত করে। দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা ব্যান (অসুর ছবিতে যার প্রতিফলন রয়েছে),বা পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া , এগুলোর ডকুমেন্টেশন করা আমি মনে করি পরিচালক হিসেবে আমার দায়িত্ব।”
পাভেল ছবি বানানোর ক্ষেত্রে আসল ঘটনার কারণ খুঁজতে যান না। শুধুমাত্র ওই ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে ছাপ ফেলে গেছে তারই একটা বর্ণনা তিনি নিজের লেন্সে তুলে ধরতে চান।পাভেলের কথায় যখনই কোনো ফ্লাইইওভার বা ব্রীজ ভেঙে পড়ে তা একা ভাঙেনা, সাথে ভাঙে বহু মানুষের স্বপ্ন এবং প্রত্যাশা। তবে আমরা বাঙালি, আমরা জানি কিভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকেও নতুন ভাবে সবটা শুরু করা যায়।
কোলকাতা চলন্তিকাও খানিক এই গল্পই বলে আমাদের। এই গল্পটি মূলত কোলকাতার তিনদিনের জীবন নিয়ে। প্রথম দিনে মুখ্য চরিত্ররা কোলকাতার বিভিন্ন অলিগলিতে ছুটে চলে নিজের ছন্দে। দ্বিতীয় দিনে ফ্লাইওভার ভেঙে পড়ে, ওলটপালট হয়ে যায় অনেককিছুই। তৃতীয় দিনে আবার তারা নতুন করে জীবনের ছন্দে ফিরতে শুরু করে। তবে আরো বেশ কিছু চমক রয়েছে যা জানতে হলে আপনাকে দেখতে হবে ছবিটি।
Published on Friday, 1 October 2021, 6:04 pm | Last Updated on Friday, 1 October 2021, 6:04 pm by Bahok Desk









