বাহক নিউজ় ব্যুরো: বাঁকুড়ার হিড়াবাঁধের মশিয়াড়া পঞ্চায়েতের বিরাডি মোড় থেকে বিরাডি গ্রামের বড়জোড় মোড় পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তা এখনও কাঁচা। শুধু তাই নয় ওই রাস্তা চলাচলের অযোগ্য এবং বিপজ্জনক। জায়গায় জায়গায় তৈরি হয়েছে বিরাট বড় বড় গর্ত। তাই রাস্তা পাকা করার দাবিতে মাছ ছেড়ে, ধান লাগিয়ে প্রতিবাদ জানালেন বাসিন্দারা।

গ্রামের মানুষের এই অভিনব প্রতিবাদ দৃষ্টি আকর্ষণ করে অনেকেরই। গ্রামের বাসিন্দা গণেশ বাউরি বলেন, “এই রাস্তা দিয়ে বিরাডি, দিগতোড়, পাইড়া সহ প্রায় পনেরো গ্রামের বাসিন্দা যাতায়াত করেন। তবে রাস্তার এমনই অবস্থা যে, সাইকেল, মোটর বাইক তো দূর, হেঁটেও যাতায়াত করতে সমস্যা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি।” দিগতোড় গ্রামের আরেক বাসিন্দা কুন্দন রায় বলেন, “জল-কাদা রাস্তায় এলাকার পড়ুয়া থেকে শুরু করে সকলেই সমস্যায় পড়ছেন। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে জানিয়েও কোনো লাভ হয়নি।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

প্রায় ৫০০ মিটার বড় রাস্তার বিভিন্ন জায়গায় জল জমেছে গোড়ালি সমান। সেই জায়গায় অভিনব প্রতিবাদ হিসেবে প্রথমে ওই জলে ধান লাগানো হয়। এরপর জলের মধ্যে কিছু মাছ ও ছেড়ে দেন গ্রামবাসীরা।

স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, “বিষয়টি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।”

Published on Wednesday, 15 September 2021, 11:16 pm | Last Updated on Wednesday, 15 September 2021, 11:16 pm by Bahok Desk