বাহক নিউজ় ব্যুরো: ঘুম থেকে উঠেই চমকে উঠছিলেন মোবাইলের মেসেজ দেখে। সাড়ে পাঁচ লক্ষ টাকা জমা পড়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে। কিন্তু কারোর কাছেই তো এত টাকা পাওনা ছিল না তাঁর, তারপর অনেক ভাবনা-চিন্তা চিন্তা করে রহস্যের সমাধান করলেন নিজেই।
রহস্য সমাধান করেই ক্ষান্ত থাকেননি তিনি, মনের সুখে টাকা খরচও করে ফেললেন। তবে মাস পেরোতেই গ্রামীণ ব্যাঙ্ক থেকে নোটিশ আসতে শুরু করে যে ওই ব্যক্তির কাছে ভুল করে টাকা চলে গিয়েছে, তিনি যেন টাকা ফেরত দিয়ে দেন। কিন্তু নাছোড়বান্দা সেই ব্যক্তির দাবী , “প্রধানমন্ত্রী তাঁকে ওই টাকা দিয়েছেন, তিনি কেন টাকা ফেরত দেবেন?”
এই ঘটনাটি ঘটেছে বিহারের খাগাড়িয়া জেলার বাসিন্দা রঞ্জিত দাসের সাথে। চলতি বছর মার্চ মাসে তাঁর অ্যাকাউন্টে সাড়ে পাঁচ লক্ষ টাকা ঢোকে। চমকে ওঠেন ওই ব্যক্তি , এত বিপুল পরিমাণ টাকা কে পাঠাল ভাবতে থাকেন। তারপর গ্রামীণ ব্যাঙ্কের থেকে টাকা এসেছে দেখে সব বুঝে যান তিনি।
২০১৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পাঠানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এতদিন বাদে পূরণ হয়েছে বলে ধরে নেন ওই ব্যক্তি। তিনি মনে করেন ১৫ লক্ষ টাকার প্রথম কিস্তি হিসেবেই ওই টাকা পাঠানো হয়েছে।
এদিকে যান্ত্রিক ত্রুটির জন্য গ্রামীণ ব্যাঙ্ক থেকে ভুল করে বক্তিয়ারপুরের এই বাসিন্দার অ্যাকাউন্টে ভুল করে সাড়ে পাঁচ লক্ষ টাকা চলে যায়। এরপর ব্যাঙ্ক তাকে একাধিকবার ওই ব্যক্তিকে নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেন নি। শেষমেশ পুলিশের দ্বারস্থ হয় ওই ব্যাঙ্কের আধিকারিকরা।
ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে রঞ্জিত দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান সব টাকা খরচ করে ফেলেছেন তিনি। তিনি আরো বলেন “চলতি বছরের মার্চ মাসে আমি যখন ওই টাকা পাই, তখন খুব খুশি হয়েছিলাম। প্রথমে কীসের টাকা বুঝতে না পারলেও পরে বুঝতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই টাকা দিয়েছেন। তিনি কথা দিয়েছিলেন যে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন তিনি। আমি ভেবেছি সেই টাকারই প্রথম কিস্তি এসেছে। পরে আরো টাকা আসবে ভেবে সব টাকা খরচ করে ফেলেছি। এখন আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই।”
মানসি থানার স্টেশন হাউস অফিসার দীপক কুমার বলেন, “গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে আমরা এই ব্যক্তিকে গ্রেফতার করেছি। গোটা বিষয়ের তদন্ত শুরু করা হয়েছে।”
Published on Wednesday, 15 September 2021, 11:06 pm | Last Updated on Wednesday, 15 September 2021, 11:08 pm by Bahok Desk









