বাহক নিউজ় ব্যুরো :

এবার বসুন্ধরাকে পাল্টা আক্রমণ করলেন প্রবীণ সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। প্রাক্তন মন্ত্রী সরাসরি বললেন, ক্ষিতি-কন্যার কাছে সিপিআইএম নীতিশিক্ষার পাঠ নেবে না।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস তৃণমূলের মুখপত্রে কলম ধরে ‘শো-কজ’ পেয়েছেন। অজন্তা বিশ্বাসকে শো-কজের পর তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’তে সিপিআইএমকে কটাক্ষ করেছেন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা। বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে তৃণমূল মুখপত্রে অজন্তার সমর্থনে লেখেন, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করছে সিপিএম। তারা ‘স্ট্যালিনিস্ট আচরণ’ করছে। বসুন্ধরা আরো যোগ করেন, ”সিপিএমের এইসব আচরণ বহু প্রতিভাকে বামফ্রন্টের স্রোত থেকে সরে যেতে বাধ্য করেছে। ওরা সবেতে চক্রান্তের গন্ধ দেখে। বদনাম করে। তারপরে শাস্তির পথে যায়। এই খেলা মানুষ ধরে ফেলেছেন। প্রকৃত বাম মনোভাবাপন্ন মানুষ কোনও অবস্থায় এটা মানবেন না। এই করতে করতে বামফ্রন্টকে সব দিক থেকে শূন্যে নামিয়েছে সিপিএম।”

এই প্রসঙ্গে অশোক ভট্টাচার্য মন্তব্য করেছেন, “বাম দল সম্পর্কে মন্তব্য করতে হলে সেই দল এবং তার শৃঙ্খলা বোধ বোঝার প্রয়োজন রয়েছে। আমরা কোথাও কাউকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করিনি। আমাকে কেউ তৃণমূলের মুখপাত্র বা আরএসএসের মুখপত্রে লিখতে বললে, আমি কখনওই তা লিখব না। আর ক্ষিতি গোস্বামীর কন্যা তার পাশে দাঁড়ালেন? আমরা সবাই জানি, ক্ষিতিবাবুর স্ত্রী কিছুদিন আগে রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন। অর্থাৎ, তিনি আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। যা কার্যত ক্ষিতিবাবুকেও শেষ জীবনে লজ্জা দিয়েছিল। একই বাড়িতে থেকে তিনি বাম শরিক দল করতেন। আর তাঁর স্ত্রী তৃণমূল কংগ্রেস করতেন! তাই ক্ষিতিবাবুর কন্যার কাছ থেকে আমাদের নীতি শিক্ষার পাঠ নেওয়ার প্রয়োজন নেই। ‘জাগো বাংলা’ পত্রিকায় অজন্তা বিশ্বাস কী লিখেছেন সেটা বিবেচ্য নয়। বিবেচ্য বিষয় হল রাজনৈতিক শত্রুপক্ষের মুখপত্রে তিনি লিখেছেন। এবং সেটা দলের অনুমতি না নিয়েই। দলের কর্মী হিসেবে তাঁর এই বোধটুকু থাকা দরকার, কোথায় লিখবেন বা কোথায় লিখবেন না।”

Published on Tuesday, 3 August 2021, 8:54 pm | Last Updated on Tuesday, 3 August 2021, 8:55 pm by Bahok Desk