বাহক নিউজ় ব্যুরো: একুশের বিধানসভা নির্বাচন প্রমাণ যে, বাংলা ‘বিজেমূল’ শব্দকে স্বাগত জানায়নি। বামের ‘বিজেমূল’ তত্ত্বই নির্বাচনী নদীতে নৌকা ডুবিয়ে দিল, হারের কারণ বিশ্লেষণ করতে বসে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। এদিকে, দলের আরও নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মুখে আবারও শোনা গেল ‘বিজেমূল তত্ত্ব’।
সম্প্রতি, প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর স্মরণে একটি সভার আয়োজন করা হয়েছিল। এই সভাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি বলেন, “বিজেপি সব জায়গায় গণতন্ত্র হত্যা করে। গণতন্ত্র কেড়ে নেয়। আমাদের রাজ্যে বামপন্থীদের অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল। আর ত্রিপুরায় বিজেপি সরকার। কিন্তু কাজের ক্ষেত্রে এরা উভয়ই এক”।
উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকারের মুখে বিমানের বিপরীত প্রকৃতির মন্তব্য শোনা গিয়েছিল। তিনি ত্রিপুরায় তৃণমূলের ওপরে বিজেপির আক্রমণ হানার ঘটনাকে নিয়ে নিন্দা করেছিলেন। সিপিএম-এর এই ধরণের পরস্পর বিরোধী মন্তব্যের নিশ্চিতরূপেই বাংলায় সিপিএম-এর সিদ্ধান্ত প্রশ্নের মুখে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেছেন যে, বাম নেতৃত্বরা এখনও নিজ দলের সঠিক রাজনৈতিক অবস্থান নির্ধারণ করতে পারছেন না।
এদিকে, তিনি বিজেপি বিরোধী জোট প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি দাবি করেন যে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, ভারতের যে জায়গায়ই হোক না কেন, বিজেপিকে হারাতে হলে, বিজেপি বিরুদ্ধে লড়াই করতে হলে, জোট বেঁধে সংবদ্ধ হয়ে রাজনৈতিক ময়দানে নামতে হবে। একইসঙ্গে তিনি এও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেও শাসকদলকে কটাক্ষ করে মন্তব্য করেন এবং বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্র আক্রান্ত, তাই বিরোধীদের আলাদাভাবে কাজ করতে হবে”। এহেন, জাতীয় স্তরে কাস্তে-ঘাসফুলের সম্পর্কের সমীকরণ কি হবে, তা এখনও প্রশ্নের মুখে।
Published on Monday, 30 August 2021, 9:10 am | Last Updated on Monday, 30 August 2021, 9:10 am by Bahok Desk









