বাহক নিউজ় ব্যুরো: পদ্মফুলের নিশানায় ঘাসফুলের ‘ভাইপো’। একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রচারের সিংহভাগই বিজেপি মুখে ছিল ‘ভাইপোর’ নাম। এবার, নির্বাচনের এতটা সময় পরে আবারও বিজেপি নেতৃত্বের মুখে ‘ভাইপোর’ নাম। ইডির তলবের প্রসঙ্গ তুলে আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের তীরে বিঁধলেন তিনি।

রবিবারে ইকোপার্কে গেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, “বেশ খাচ্ছিলেন, কামাচ্ছিলেন, চলছিল, নিজেকে এখন ভিখারী দেখাচ্ছেন? ওই ১২ কোটি টাকার বাড়িতে ভাইপো যে থাকেন সেই টাকাটা কোথা থেকে এল? গাছ লাগিয়েছেন নাকি?”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে তিনি বাক্যবাণে পরোক্ষভাবে বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বললেন, “বিরোধী থাকাকালীন কথায় কথায় সিবিআই চাইতেন। বর্তমানে সিবিআই-এর সঙ্গে শুধুই ঝগড়া। তীরটা ঘুরে গেছে বলে, বিশ্বাস চলে গেছে নাকি?” এরপরেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উল্লেখ করলেন, তিনি বললেন, “লোকজন সব বোঝেন। এবার ভোটে তার উত্তর খানিকটা দিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাকে সহযোগিতা করুন”। শেষে নিজ বক্তব্যে তিনি ত্রিপুরার প্রসঙ্গও উল্লেখ করলেন। ‘তৃণমূল’ শব্দটি উল্লেখ না করেই তিনি দাবি করলেন, “বাংলায় ক্ষমতা থাকা নিয়ে সন্দেহ রয়েছে, তাই ত্রিপুরায় ব্যবসা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে”।

Published on Monday, 30 August 2021, 10:00 am | Last Updated on Monday, 30 August 2021, 10:09 am by Bahok Desk