প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এসে প্রায় এক ঘন্টা বৈঠক করলেন শরদ পাওয়ার। প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে এই বৈঠকের কথা জানানো হয়েছে। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে ১৯শে জুলাই থেকে। ঠিক তার আগেই এই বৈঠকে নতুন রাজনৈতিক সমীকরণ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কারণ মহারাষ্ট্রে শিবসেনার সাথে জোটে আছে শরদ পাওয়ারের দল এনসিপি। বিগত দিনে তাদের মতের অমিলও হয়েছে একাধিকবার। কিছুদিন আগে প্রশান্ত কিশোরের সাথে সোনিয়া গান্ধীর একটি ভার্চুয়াল বৈঠক হয়, এই বৈঠকের পর শরদ পাওয়ার ইউপিএ চেয়ারপার্সন বা মোদি বিরোধী জোটের অন্যতম মুখ হবেনা কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনা উড়িয়ে পাওয়ার জানিয়েছিলেন, তিনি ২০২৪ সালের নির্বাচনে মোদি বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার কথা এখনও ভাবছেন না। আজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে পাওয়ার একটি চিঠি লেখেন নরেন্দ্র মোদির প্রতি। সেখানে তিনি লিখেছেন, সমবায় ব্যাঙ্ক রাজ্যের বিষয়, তাই কেন্দ্র সেখানে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না।
এনসিপি নেতা নবাব মালিক আজকের এই বৈঠক সম্পর্কে বলেছেন, “একজন নেতা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেই পারেন, এতে জল্পনার কোনো ব্যাপার নেই।”
শুভময় মল্লিক
Published on Sunday, 18 July 2021, 12:28 am | Last Updated on Sunday, 18 July 2021, 12:28 am by Bahok Desk









