প্রতিবছর তৃণমূল কংগ্রেস ২১ জুলাই শহীদ দিবস পালন করে। ১৯৯৩ সালের ২১শে জুলাই শহীদ হয়েছিলেন ১৩জন যুব কংগ্রেস কর্মী। ঠিক কী ঘটেছিল ওইদিন? আসুন জেনে নেওয়া যাক

১৯৯৩ সালে তখনও তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না। রাজ্যের বিরোধী দল তখন কংগ্রেস, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তখন গদিতে বামফ্রন্ট সরকার। এই সময় নির্বাচন হলে সিপিএমের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করতেন ছাপ্পা ভোটের। বিরোধী যুবনেত্রী দাবি করেছিলেন স্বচ্ছতার প্রয়োজনে সচিত্র ভোটার পরিচয়পত্র করতে হবে। এই দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা ব্যানার্জী। তিনি ঘোষণা করেছিলেন মহাকরণ ঘিরে পাঁচটি জায়গায় যুবরা জমায়েত করবে। কিন্তু ১৪৪ ধারা জারি করা এলাকায় ঢুকবে না। বিভিন্ন ক্রসিং-এ গড়া হয় ব্যারিকেড। পাঁচটি পয়েন্টে যুব কংগ্রেসের সভা শুরু হয়। সেইসময় পুলিশ গুলি চালিয়েছে বলে গুজব রটে যায়। তখনও কোনো গুলি চালানোর ঘটনা ঘটেনি। রেড রোড পয়েন্টে পুলিশকে লক্ষ্য করে শুরু হল যুব কংগ্রেস কর্মীদের ইঁট,বোতল বৃষ্টি। একইভাবে মেয়ো রোড, চৌরঙ্গীর কর্মীরাও উত্তেজিত হয়ে পড়ে। আন্দোলন হঠাৎ মারমুখী হয়ে পড়ে।পুলিশের গাড়িগুলোতে ভাঙচুর করা হয়, আগুন লাগানো হয়। তৎকালীন স্বরাষ্ট্রসচিব মনীশ গুপ্ত হলফনামায় বলেছিলেন, দুই শতাধিক পুলিশ কর্মী আহত হয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস কর্মীদের গুলি, বোমায়। এরপর পুলিশের তরফ থেকে চলতে থাকে গুলি। ১৩ জন যুব-কংগ্রেস কর্মী নিহত হন। যুব কংগ্রেস কর্মীরা ট্রাম, বাস, দোকানপাটও ভাঙচুর করে। পুলিশ গুলি চালানোর আগে ব্যাবহার করেছিল কাঁদানে গ্যাস,লাঠি। কার নির্দেশে গুলি চালিয়েছিল পুলিশ, এই প্রশ্নের উত্তর আজও নেই। তখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরবর্তীতে সিবিআই এই ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্নিনচিট দেয়। এরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরেও ১৩ জন যুব কংগ্রেস কর্মীর স্মরণে প্রতি বছর ‘শহীদ দিবস’ পালন করে মমতা ব্যানার্জী ও তাঁর দল।

 

শুভময় মল্লিক

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Published on Tuesday, 20 July 2021, 9:00 pm | Last Updated on Wednesday, 21 July 2021, 11:43 am by Bahok Desk