Table of Contents
Rekha Gupta 120 Bahadur Tax Free: সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, সদ্য মুক্তিপ্রাপ্ত দেশাত্মবোধক সিনেমা ‘১২০ বাহাদুর’ দেখে ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সিনেমাটিকে মাস্ট ওয়াচ এর তালিকায় রেখেছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবার এই সিনেমাটি দেখে ‘জওয়ানদের জয়গানে’ মুগ্ধ হয়ে ফারহান আখতার অভিনীত ‘১২০ বাহাদুর’ সিনেমাটিকে দিল্লিতে করমুক্ত ঘোষণা করেন এবং ফারহান আখতারের প্রশংসায় ভাসেন।
নতুন মাইলস্টোন গড়লো
এর আগেও বলিউডে, যুদ্ধের প্রেক্ষাপটে দেশাত্মবোধক সিনেমা হয়েছে, তবে ফারহান আখতার অভিনীত ‘১২০ বাহাদুর’ এবার সেই তালিকায় নতুন মাইলস্টোন গড়লো। যদিও বক্স অফিসে সিনেমাটি খুব একটা সাড়া ফেলতে পারেনি, তবে সিনেসমালোচক সহ দর্শক সকলেই সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ। সিনেমাটি এক সপ্তাহে ১৫ কোটির ব্যবসা করেছে। রজনীশ ঘাই পরিচালিত ‘১২০ বাহাদুর’ সিনেমাটি ১৯৬২ সালের রেজাং লা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। ১৩ কুমায়ুন রেজিমেন্টের চ্যালি কোম্পানীর ১২০ জন জওয়ান, চিনের বিরুদ্ধে শত প্রতিকূলতার মাঝেও কীভাবে নিজেদের জীবন বাজি রেখে লড়েছিলেন সেই বীরত্বের গাথাই ফুটে উঠেছে এই সিনেমায়। ষাটের দশকের ভারত ও চিন এর যুদ্ধে যে ১১৪ জন জওয়ার শহিদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই নির্মাতারা ‘১২০ বাহাদুর’ সিনেমাটি তৈরি করেছেন। সিনেপর্দায় এমন দেশমাত্মবোধক সিনেমা দেখেই মুগ্ধ সকলে।
প্রশংসায় ভাসলেন মুখ্যমন্ত্রী রেখা
ফারহান অভিনীত ‘১২০ বাহাদুর’ সিনেমার প্রশংসা করে মুখ্যমন্ত্রী রেখা তার এক্স হ্যান্ডেলে লেখেন, “১২০ বাহাদুর হলো একটি ঐতিহাসিক যুদ্ধের সিনেমা। যে সিনেমা চার্লি কোম্পানীর ১৩ কুমায়ুন রেজিমেন্টের ১২০ জন জওয়ানের অসাধারণ সাহস ও বীরত্বকে সম্মান জানিয়েছে। এই সিনেমা হলো ভারতের সশস্ত্র বাহিনীর ইতিহাসে মেজর শয়তান সিং ভাটির নেতৃত্ব এবং আত্মত্যাগের গৌরবময় আখ্যানের এক জ্বলন্ত দলিল। এই বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৮শে নভেম্বর থেকে দিল্লি সরকার ‘১২০ বাহাদুর’ সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করল। গোটা টিমকে অভিনন্দন।”
Published on Friday, 28 November 2025, 5:09 pm | Last Updated on Saturday, 29 November 2025, 1:25 pm by Bahok Desk









