বাহক নিউজ় ব্যুরো: সোমবার বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করা হয় রাজ্য বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসাদ হলেও কাল পর্যন্ত রাজ্যের সাধারণ মানুষ চিনতেন না যাকে, রাতারাতি তিনি চর্চায়। কে এই সুকান্ত মজুমদার? আসুন জেনে নেওয়া যাক

১৯৭৯ সালের ২৯ ডিসেম্বর জন্ম সুকান্ত মজুমদারের। বোটানিতে পিএইচডি ডিগ্রি রয়েছে তাঁর। তিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। গত লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে জিতে সাংসদ হন সুকান্ত। আরএসএসের সংগঠনে বহুদিন যুক্ত থাকলেও বিজেপিতে খুব বেশিদিনের নন তিনি। আগের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ কয়েকটি নাম প্রস্তাব করেছিলেন, তার মধ্যে ছিল সুকান্ত মজুমদারের নামও।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

মোহন ভাগবত যখন আরএসএসের উত্তর বঙ্গের দায়িত্বে ছিলেন, সেইসময় দক্ষ সংগঠক হিসেবে উঠে আসেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে আরএসএসের সংগঠন শক্তিশালী হয় এবং তিনি শীর্ষ নেতৃত্বের নজরে পড়ে যান। মোহন ভাগবতেরও কাছের মানুষ সুকান্ত। এছাড়া তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ভাইপো।গত লোকসভা ও বিধানসভায় উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করায় দলের ভিতরেই অনেকের দাবি ছিল উত্তরবঙ্গ থেকে কাউকে দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হোক। এরপরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নিজেদের মধ্যে আলোচনা চলতে থাকে এবং সুকান্ত মজুমদারের নাম নির্বাচন করা হয়।

রাজ্য সভাপতি হওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, “আমি উত্তরবঙ্গের মানুষ হতে পারি। তবে আপাতত রাজ্য সভাপতির দায়িত্বে। এখন আর শুধু উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের নয়, গোটা রাজ্যের দায়িত্বই দেওয়া হয়েছে আমার কাঁধে। তাই চেষ্টা করব সেভাবেই দায়িত্ব পালন করতে।”

Published on Tuesday, 21 September 2021, 8:51 am | Last Updated on Tuesday, 21 September 2021, 8:51 am by Bahok Desk