বাহক নিউজ় ব্যুরো: কিছুদিন আগে শিল্পী সনাতন দিন্দা একটি ছবি আঁকেন। সাদা কালো ছবিটি, এক তরুণীর মাথায় আবরণ দেওয়া একটি চাদর দিয়ে। মুখে সাদা হালকা কাপড়, উপর থেকে বোঝা যাচ্ছে তার লিপস্টিক ঘেটে গিয়েছে।কপালে একটি ত্রিনয়ন, চকে আঁকা। টাইটেল ছিল ‘মা আসছেন’। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর তুমুল বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন হয় যে শিল্পীকে ছবিটি ডিলিট করে ক্ষমা চাইতে হয়।

নেটিজেনদের মধ্যে অনেকের মনে হয়েছে মা দুর্গাকে হিজাব পরিহিত মুসলিম বেশে উপস্থাপনা করতে চেয়েছেন শিল্পী। ছবিটি পৌছে যায় বিজেপির মহিলা মোর্চার সহ সভানেত্রীর কাছেও, তিনি ছবিটি টুইট করলে বিজেপি আইটি সেলের কর্মীরা এক নাগাড়ে আক্রমণ করতে থাকে সনাতন দিন্দাকে। আসে খুনের হুমকিও। শিল্পী সনাতন দিন্দা বলেন, “মেয়েদের হয়ে এঁকেছিলাম। মেয়েরাই যা ভাষা প্রয়োগ করে আমাকে আক্রমণ করছিলেন, দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। পরিবারকে তুলে নিয়ে যাওয়া কিংবা তাঁদের ধর্ষণের হুমকি পর্যন্ত পেয়েছি! রাতের পর রাত ঘুমোতে পারিনি। অবশেষে এই যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য পোস্ট ডিলিট করে ক্ষমা চেয়েছি। তাও গালমন্দ করা হয়েছে। এখনও তার রেশ চলছে। বাধ্য হয়ে লালবাজারে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছি। আমার পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি। হাতে গোনা কয়েকজন শিল্পী আর বন্ধুবান্ধবকে পেয়েছি। আর বেহালা নতুন সংঘের ছেলেরাই আমার সাহায্যার্থে এগিয়ে এসেছিল। তাই তাদের আবদারে এবারও চোখ আঁকব।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

খুনের হুমকি পেয়েও এই ধরনের আঁকা ভবিষ্যতেও আঁকতে চান বলে জানান সনাতন। শিল্পের মাধ্যমে শিল্পের ভাষায় বিপ্লব করতে চান শিল্পী। সনাতন দিন্দা আরো জানান, “এক বর্ষীয়ান শিল্পী বলেছিলেন, ‘মানুষের ভাবাবেগের কথা ভেবে আঁকতে হবে।’ আমি শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ভালো সিনেমা দেখে, গান শুনে, বই পড়ে, সারা পৃথিবীর রাজনৈতিক আর আর্থ-সামাজিক ইতিহাস জেনে একটি ছবি আঁকতে বসব। আর সেই সময়ও কার কার ভাবাবেগ ধাক্কা খাবে তা মাথায় রেখে আঁকব! আমি সাময়িকভাবে ক্ষমা চেয়েছি। কিন্তু, কাজ তো থামাতে পারি না। চালিয়ে যাব। শিল্পী, সাহিত্যিক, পেইন্টাররাই তো বিপ্লব শুরু করেন। অতীতেও করেছেন। কাতারে কাতারে মারাও গিয়েছেন। কিন্তু, বিপ্লব থেমে যায়নি।”

Published on Wednesday, 29 September 2021, 4:21 pm | Last Updated on Wednesday, 29 September 2021, 4:21 pm by Bahok Desk