বাহক নিউজ় ব্যুরো : আজ ১৭ ই সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিবস। আর সেই উপলক্ষেই ভারতের বারাণসী , গুজরাট সহ বিভিন্ন রাজ্যে বিজেপির তরফে বহু কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এদিকে সম্প্রতি দিলীপ ঘোষ জানিয়েছেন আগামী ২০ দিনব্যাপী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান চলবে।
আজ বারাণসীতে কাশীর ভারত মাতার মন্দিরে ৭১ হাজার মাটির প্রদীপ জ্বালানো হবে কারণ নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মবার্ষিকী। এর পাশাপাশি বিতরণ করা হবে ১৪ কোটি রেশন ব্যাগ। এছাড়াও প্রচুর কাজের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ৫ কোটি পোস্টকার্ড দেশের বিভিন্ন প্রান্তের পোস্টঅফিসে পাঠানো হবে। এরসঙ্গে দেশের অন্যান্য রাজ্যে রক্তদান শিবির, রেশন কার্ড বিলি, পরিচ্ছন্নতা কর্মসূচি সহ অনেক পরিকল্পনা গৃহীত হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা ভারতজুড়ে ২০ দিন ব্যাপী যে আয়োজন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে Seva aur Samarpan Abhiyan । আজ শুক্রবার ১৭ ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে আগামী ৭ ই অক্টোবর পর্যন্ত। শুধু উত্তরপ্রদেশেই ২৭ হাজার বুথে পালিত হবে এই কর্মসূচি।
দিলীপ ঘোষ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর জন্মদিনের সমস্ত মুহূর্ত নমো অ্যাপের মাধ্যমে দেখানো হবে। ৭১ টি জায়গায় গঙ্গার নদী ঘাট পরিষ্কার করানো হবে। হবে আরো জনসেবামূলক কাজ। শুধু তাই নয় , আজ গোটা দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।
Published on Friday, 17 September 2021, 1:20 pm | Last Updated on Friday, 17 September 2021, 1:21 pm by Bahok Desk









