বাহক নিউজ় ব্যুরো: একের পর এক নেতা দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে। ভাঙছে কংগ্রেস। দলে নেই কোনো নির্বাচিত সভাপতি, অথচ নানারকম সিদ্ধান্তে চলছে দল। সমস্তটা নিয়ে উদ্দিগ্ন কংগ্রেসের জি-২৩ নামের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা। তাঁদের পক্ষ থেকে সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন কপিল সিব্বল।
কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা এক সাংবাদিক বৈঠক করেও নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন। সোনিয়া গান্ধীকে চিঠি প্রসঙ্গে সিব্বল বললেন, “কংগ্রেসে এখন কোনও নির্বাচিত সভাপতি নেই। তাহলে সিদ্ধান্তগুলো নিচ্ছে কে? কেউ জানতে পারছি না কারা দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। আমরা জি-২৩, জি হুজুর-২৩ নয়। আমরা সমস্যাগুলি তুলতে থাকব”
বিধানসভা ভোটের চারমাস আগে বেশ নড়বড়ে পাঞ্জাব কংগ্রেস। পাঞ্জাবের কংগ্রেস নেতা অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন। চলছে বিজেপি যোগদানের জল্পনা।নবজ্যোৎ সিং সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলে অমরিন্দর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। কিন্তুু কয়েকদিনের ব্যবধানে পদত্যাগ করেন সিধু এবং আরো দুই মন্ত্রী। আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিও এবং কংগ্রেসের আরো দশ নেতা।
আরও পড়ুন ভবানীপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস, তবু কংগ্রেসের সঙ্গে বিজেপি ও সিপিএমের সমঝোতার অভিযোগ মমতার
গত বছর জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দল ছেড়ে যাওয়ার পর জিতিন প্রসাদ, সুস্মিতা দেবরাও দল ছেড়েছেন। রাজস্থানেও অশোক গেহলট আর সচিন পাইলটের মধ্যে বিবাদ এখনও মেটেনি। এরকম পরিস্থিতিতে কপিল সিব্বলের প্রশ্ন, “কেন একে একে নেতারা দল ছেড়ে যাচ্ছেন? সমস্যাটা কী আমাদের? সেটা হয়তো দেখার সময় এসেছে। অবিলম্বে ওয়ার্কিং কমিটির একটা বৈঠক ডাকা উচিত। যাতে আলোচনা অন্তত করা যায়।”
জি-২৩ এর নেতারা বিক্ষুদ্ধ হলেও দল না ছেড়ে যাবেন না বলেছেন।একইসঙ্গে তাঁদের যে কংগ্রেস নেতৃত্ব অবহেলা করেছে, সেটিও স্পষ্ট জানিয়েছেন। সিব্বল বলেন, “আমরা এই মতাদর্শ বা দল ছেড়ে কোথাও যাচ্ছি না। তবে, কংগ্রেসে অদ্ভূত বিষয় এটাই যে- তাঁরা যে ঘনিষ্ঠদের বেছে নিয়েছিলেন, সবাই ছেড়ে চলে যাচ্ছে। এবং যাঁদের ওঁরা কাছের মানুষ বলে মনে করেন না, তাঁরাই রয়ে গিয়েছেন।”
সাংবাদিক বৈঠক করে নেতৃত্ব সম্পর্কে বলতে হচ্ছে সিব্বলকে, এই প্রসঙ্গে সিব্বল বলেন, “আপনাদের সামনে এভাবে আসতে হচ্ছে, তার জন্য আমার মন অত্যন্ত খারাপ। কিন্তু আমাদের কাছে আর কোনও উপায় নেই। কংগ্রেসকে আমি এই অবস্থায় দেখতে পারছি না।”
Published on Wednesday, 29 September 2021, 11:31 pm | Last Updated on Wednesday, 29 September 2021, 11:57 pm by Bahok Desk









