বাহক নিউজ় ব্যুরো: ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআই ওয়ার্ল্ড ট্রেন্ড সেন্টার হামলার ঘটনাটার তদন্ত সামনে আনল। আমেরিকার গোয়েন্দা সংস্থাটি তদন্ত রিপোর্ট প্রকাশ করার পর শুরু হয়েছে বিতর্ক। উঠে আসছে একটি চাঞ্চল্যকর তথ্য। এফবিআই প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ওই হামলায় সৌদি দূতাবাসের এক কর্মী ও এক সৌদি গুপ্তচরের পরোক্ষ হাত ছিল।
হামলাকারীদের সাহায্য করেছিল সৌদি দূতাবাসের কর্মী এবং গুপ্তচর। আমেরিকান সংস্থা বলছে, সৌদির ওই দুই নাগরিক হামলাকারীদের থাকা, খাওয়া, যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিলেন। হামলার আগে হামলাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছিলেন তারা। সৌদি সরকার অবশ্যই তদন্তকারীদের এই দাবিগুলো মানতে নারাজ। সৌদির কোনো সরকারি প্রতিনিধি এই হামলায় যুক্ত ছিলেন না বলে দাবি করেছে সৌদি সরকার।
নথিটি তৈরি হয়েছিল ২০১৬ সালে। ৯/১১ হামলার ২০ বছর পূর্তিতে এফবিআই ওই নথি সবার সামনে নিয়ে এসেছে। কারণ, ১১ই সেপ্টেম্বরের হামলায় নিহতদের আত্মীয়রা বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি লিখে প্রশ্ন তদন্তের নথিটি কেন এখনও সামনে নিয়ে আসা হচ্ছে না? এরপর পূর্ব প্রতিশ্রুতি মতো তদন্তের এই নথিটি প্রকাশের নির্দেশ জারি করেন প্রেসিডেন্ট বাইডেন।
তদন্ত কোন পথে এগিয়েছে, কীভাবে সৌদির ওই দুই সরকারি নাগরিকের উপর সন্দেহ হল- সেগুলো পুরোটাই নথিতে বলা হয়েছে। আমেরিকার সরকার সৌদি যোগের কথা জানতে পেরেও কোনও পদক্ষেপ কেন নেয়নি, উঠছে সে প্রশ্নও।
Published on Monday, 13 September 2021, 11:17 am | Last Updated on Monday, 13 September 2021, 11:18 am by Bahok Desk









