বাহক নিউজ় ব্যুরো : পেনাল্টি কর্নার থেকে একটাও গোল করতে পারল না হকিতে তিনবারের সোনা জয়ী অস্ট্রেলিয়ার মহিলা হকি টিম। অঘটন ঘটিয়ে ভারতকে প্রথমবার সেমিফাইনালে তুললেন ‘ভারতীয় প্রাচীর’ সবিতা পুনিয়া।
কেবল অলিম্পিকে তিনবার সোনা জয়ী নয়, বিশ্বকাপও দুইবার জিতেছে অস্ট্রেলিয়া মহিলা হকি টিম। অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের সবচেয়ে বড় অঘটনটা ঘটালো ভারত। এই কৃতিত্বের পিছনে সবচেয়ে বড় স্তম্ভের নাম সবিতা পুনিয়া। অস্ট্রেলিয়ার সমস্ত আক্রমণ ভারতীয় গোলকিপারের কাছে এসে থেমে গেল। আটটা পেনাল্টি কর্নার সহ নয়টা গোলমুখী আক্রমণ রুখে অবিশ্বাস্য খেলা খেললেন সবিতা। আজ সবিতার মনে পড়ে যাচ্ছে ফেলে আসা দিনগুলোর কথা। ৩১ বছর বয়েসী সবিতা কখনো হকি খেলোয়াড় হতে চাননি। অন্তত গোলকিপার তো নয়ই। কারণ অন্য প্লেয়ারদের মতো একটা ব্যাগ নয়, দুটো ব্যাগ বহন করতে হতো সবিতাকে। গোলকিপারের এক্সট্রা ব্যাগটি বেশ ভারী হ’ত, সেটা নিয়েই লোকাল বাসে করে হকি নার্সারিতে প্র্যাকটিসে যেত সবিতা। সবিতাকে হকিতে আগ্রহী করে ঠাকুরদা রঞ্জিত সিং পুনিয়া। রেডিওতে হকি ম্যাচের কমেন্ট্রি শোনানো, লোকাল হকি নার্সারিতে নিয়ে আসা, এসবই ঠাকুরদার হাত ধরে হয়েছিল। সবিতা প্রথমেই গোলকিপার হতে চায়নি, সে চেয়েছিল মিডফিল্ডার বা ফরওয়ার্ড হয়ে খেলতে, গোলকিপার হতে চায়নি সে। লোকাল বাসে যাওয়া আসার সময় কন্ডাক্টর পা দিয়ে হকি কিটের ব্যাগ সরিয়ে দিত। সবিতার চোখের জল পরিণত হয়েছিল জেদে। ২০১৭ সালে দেশকে এশিয়া কাপ এনে দেওয়া থেকে শুরু করে আজকের দুর্ভেদ্য প্রাচীর হয়ে ওঠা সবিতা পুনিয়ার গল্পটা এরকমই।
দুটো হাতের সাথে আটটা পেনাল্টি কর্নার রুখে দেওয়ার জন্য আরো আটটা হাত যোগ করে মা দশভূজাকে কল্পনা করছেন নেটিজেনরা। সত্যিই তো তাই, পুরুষতান্ত্রিক মানসিকতাকে হারিয়ে দিয়ে বারবার জিতে যাচ্ছে সবিতারা।
Published on Monday, 2 August 2021, 6:12 pm | Last Updated on Monday, 2 August 2021, 11:24 pm by Bahok Desk









