বাহক নিউজ় ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল ম্যাচে দ্রুত পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও ৩২৫ রান তাড়া করে জিতেছিল ভারত। এরপর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়ানোর দৃশ্য আজীবন মনে থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে আরো একবার উঠে এল সেই প্রসঙ্গ। একইসঙ্গে উঠল বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি কি ইংল্যান্ডে এমনটা করতে পারবেন? মজার ছলেই প্রশ্ন উত্তর চলল।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ ও সহবাগ। মজার ছলেই অমিতাভ বচ্চন জানতে চান লর্ডসের ব্যালকনির ঘটনাটি। সৌরভ বলেন, “আমার মনে আছে, এক বার মেয়ে জিজ্ঞাসা করেছিল কেন আমি ওই কাজ করেছি। পরে আরও অনেকে জিজ্ঞাসা করেছে। কোথাও সঠিক উত্তর দিতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আমার ২০ হাজারের উপরে রান রয়েছে। কিন্তু এখনও লোকে লর্ডসের ব্যালকনির ওই দৃশ্য নিয়েই প্রশ্ন করে।”
অমিতাভ তখন বলেন, সৌরভ যথেষ্ট সাহসী অধিনায়ক ছিলেন বলেই ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে এরকম আগ্রাসী মেজাজ দেখাতে পেরেছিলেন। অন্য কোনো অধিনায়ক হলে এমনটা পারতেন না। এরপরেই সৌরভ বলেন, “বিরাট কোহলীকে কিন্তু কোনও দিন এ ব্যাপারে চ্যালেঞ্জ করবেন না। ও কিন্তু অক্সফোর্ড স্ট্রিটেও জামা ছাড়া ঘুরে বেড়াতে পারে।” এই কথায় অমিতাভ বচ্চন এবং বীরেন্দ্র সহবাগ, দু’জনকেই হাসতে দেখা যায়।
Published on Saturday, 4 September 2021, 9:48 pm | Last Updated on Saturday, 4 September 2021, 9:48 pm by Bahok Desk









