বাহক নিউজ় ব্যুরো: প্যারাঅলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ ক্রীড়ামহল। শনিবার দেশকে গর্বের মূহুর্ত উপহার দিলেন প্রমোদ ভগৎ ও মনোজ সরকার। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস বিভাগে এসএল থ্রি বিভাগে সোনা জিতলেন প্রমোদ এবং ব্রোঞ্জ জিতলেন বাংলার গর্ব মনোজ সরকার।
ব্যাডমিন্টনের ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে ২১-১৪, ২১-১৭ ব্যবধানে হারিয়ে দেন প্রমোদ। দ্বিতীয় গেমে হয় সমানে সমানে লড়াই, একসময় প্রমোদ ৪-১১ তে পিছিয়ে ও যান এবং মনে করা হচ্ছিল ম্যাচের ফয়সালা হবে তৃতীয় গেমে। কিন্তু সেখান থেকেই প্রত্যাবর্তন ঘটান প্রমোদ। তিনি যে কেন বিশ্বের এক নম্বর এখানেই প্রমাণ করেন তিনি। মাথা ঠান্ডা রেখে ৪-১১ পয়েন্টে এগিয়ে ম্যাচ বের করে নেন তিনি। আর তাঁকে ধরতে পারেননি বেথেল এবং ম্যাচ জিতে দেশকে ব্যাডমিন্টনে প্রথম সোনা এনে দেন তিনি। প্রসঙ্গত , এবছরই প্যারাঅলিম্পিকে প্রথমবার ব্যাডমিন্টন ইভেন্ট যোগ করা হয়েছে।
উল্লেখ্য পাঁচ বছর বয়স থেকেই বাঁ পায়ে সমস্যা শুরু হয় প্রমোদের। কিন্তু তিনি হাল ছাড়েননি। ১৩ বছর বয়সে একটি ব্যাডমিন্টন ম্যাচ দেখে অনুপ্রাণিত হন তিনি। এরপর পনেরো বছর বয়সে সাধারণ অ্যাথলিটদের একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকদের মন জিতে নেন তিনি। এরপরই শুরু হয় তাঁর পথচলা।
একইদিনে চলতি ইভেন্টেই ব্রোঞ্জ জিতে নিলেন মনোজ সরকার। জাপানের দাইসুকে ফুজিহারাকে ২২-২০, ২১-১৩ গেমে হারিয়ে পদক জিতে নেন তিনি।
প্রসঙ্গত, মাত্র একবছর বয়সে।ভুল চিকিৎসার খেসারত দিতে হয় মনোজকে। কোমর থেকে তাঁর শরীরের নীচের অংশ পঙ্গু হয়ে পড়েছিল। তবে মনোজ সরকারের মনোবলে যে চিড় ধরেনি তার প্রমাণ দিলেন তিনি শনিবার।
Published on Sunday, 5 September 2021, 9:57 am | Last Updated on Sunday, 5 September 2021, 9:57 am by Bahok Desk










