রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পের সূচনা হতে আর খুব বেশিদিন বাকি নেই। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল মুখ্যমন্ত্রী জানালেন চলতি বছরের ভাইফোঁটার দিন থেকে চালু হতে চলছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প।
নবান্ন থেকে গতকাল এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য একটি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সম্পর্কেও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললেন। অনেকের এই প্রকল্পটি নিয়ে কিছু বিভ্রান্তি ছিল, সেই বিভ্রান্তি দূর করারই চেষ্টা করা হল। আগামী ১৬ অগস্ট থেকে ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু হতে চলেছে সারারাজ্যে। সেখানেই ‘লক্ষীর ভাণ্ডার’ প্রকল্পে নথিভুক্ত করা যাবে। মুখ্যমন্ত্রী আরো জানান, “পুরোপুরি বিনামূল্যে এই প্রকল্পে আবেদন জানানোর ফর্ম পাওয়া যাবে।দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কাউন্টার থাকবে, সবার প্রথম সেখানে যেতে হবে। সেখানে গেলেই একটি ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মে একটি নির্দিষ্ট নম্বর থাকবে। সেই নম্বরের রেকর্ড সরকারের কাছেও থাকবে। এই ফর্ম কোনও ভাবে জেরক্স বা ডুপ্লিকেট করা যাবে না। এই ফর্ম ছাড়া অন্য কোনও ফর্ম নেওয়াও হবে না। কেউ যাতে এই ফর্মের অপব্যবহার করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা।” বিভ্রান্তি দূর করতে মুখ্যমন্ত্রী আরো পরিষ্কার করেন, “ফর্মটা পাওয়ার পর আপনারা ওখানেই ফর্মটা ফিলআপ করে জমা দেবেন। মনে রাখবেন, ফর্মের সঙ্গেই কম্পিউটার জেনারেটেড ইউনিক নম্বরটা থাকবে। এটার সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করে দেওয়া হবে। এই নম্বরটাই ফর্ম ফিলাপের জন্য স্বীকার্য হবে। ঘুরপথে যদি কেউ অন্যভাবে ফর্ম জোগাড় করে তা জমা দেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। শুধুমাত্র দুয়ারে সরকার শিবির থেকেই ফর্ম নিতে হবে।” রাজ্যবাসীর দুশ্চিন্তা দূর করতে মুখ্যমন্ত্রী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কর জমা দেওয়ার কোনও ধরনের বাধ্যবাধকতাও নেই।” এই পক্রিয়ায় কোনো অভিযোগ থাকলে ১০৭০ অথবা ২২১৪ ৩৫২৬ টোল-ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানালেই সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। এই টোল-ফ্রি নম্বরটি সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে সংযুক্ত থাকবে।
প্রসঙ্গত, রাজ্যের মোট ১৭০১৬ টি ক্যাম্প থেকে দুয়ারে সরকারের কাজ হবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে তপসিলি ও আদিবাসীদের প্রতি মাসে ১০০০ টাকা এবং জেনারেল মহিলাদের মাসিক ৫০০ টাকা দেওয়া হবে।
Published on Friday, 13 August 2021, 9:10 am | Last Updated on Friday, 13 August 2021, 9:10 am by Bahok Desk









