বাহক নিউজ় ব্যুরো : ‘মেরি সহেলি’ হাজির হলেন গর্ভবতী মহিলার ডাক শুনে। কয়েক মুহূর্তে চলে আসলেন ডাক্তার থেকে নার্সেরা, শুরু হল চিকিৎসা। মালদা টাউন স্টেশনে ট্রেন থামতেই কোচের ভেতর তৈরী হল অস্থায়ী প্রসবঘর। সেখানেই সুস্থ পুত্রসন্তানের জন্ম দিলেন মা। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসায় রয়েছেন মা ও সন্তান, দুজনেই আপাতত সুস্থ আছেন।
আরপিএফ সূত্রে জানা গেছে, অসমের ডালগাঁও থানার অন্তর্গত বড়াবাড়ি এলাকার বাসিন্দা নাসিরুদ্দিন আলি ও তার গর্ভবতী স্ত্রী জামিলা খাতুন, ০২১৫০ ডাউন গৌহাটি বেঙ্গালরু স্পেশাল ট্রেনে করে অসম থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন। এসি ২ এর বি কোচ এর ১৩ ও ১৪ নম্বর সীট তাদের ছিল। জামিলা খাতুন গর্ভবতী ছিলেন। মালদা টাউন স্টেশনে ঢোকার মুখে তাঁর অস্বাভাবিক প্রসব যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গেই তাঁরা রেলের হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানান।
মালদা টাউন স্টেশন ম্যানেজার বিষয়টি শোনা মাত্রই আরপিএফ কে বিষয়টি জানায়। আরপিএফ এর মহিলা ‘মেরি সহেলি’ টীম অতিদ্রুত ডাক্তার ও নার্সদের নিয়ে মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসেন। ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢুকতেই ওই মহিলার কাছে চলে যায় টিম এবং সময় কম থাকায় কোচের ভেতরেই অস্থায়ী হাসপাতাল তৈরী করে ডাক্তার ও নার্সদের সহযোগীতায় সন্তানের জন্ম দেন জামিলা খাতুন।
বুধবার দুপুরে মালদা টাউন স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর ভি বি শর্মা জানান, “কোচ ভেতর পুত্র সন্তান জন্ম দেন জামিলা খাতুন। সন্তানের জন্মের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় রেলচিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা রাতেই রেলের অ্যাম্বুলেসে করে মা ও ছেলেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি”। বর্তমানে তাঁরা দুজনেই সুস্থ রয়েছেন। অন্যদিকে হাসপাতালের বেডে শুয়ে জামিলা খাতুন বলেছেন “মেরি সহেলি না থাকলে প্রাণ বিপন্ন হতে পারত আমার এবং আমার সন্তানের।”
Published on Wednesday, 8 September 2021, 9:49 pm | Last Updated on Wednesday, 8 September 2021, 10:45 pm by Bahok Desk









