বাহক নিউজ় ব্যুরো: রাজ্য পুরসভা নির্বাচন এখনও হয়নি এবং কবে হবে সেটাও এখনও জানা যায়নি। এদিকে পুরসভা নির্বাচন হওয়ার আগেই আরও দুটি পুরসভা তৈরি করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নর তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উত্তরবঙ্গের দুই জেলায় নতুন পুরসভা তৈরি হতে চলেছে। এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যই প্রশাসনের তরফে ইতিমধ্যে সীমানা নির্ধারণের কাজ শুরু হয়ে গেছে।
এই বিজ্ঞপ্তির ভিত্তিতে জানা গেছে যে, উত্তরবঙ্গের দুই এলাকা ময়নাগুড়ি ও ফালকাটায় নতুন পুরসভা তৈরি হতে চলেছে। জানানো হয়েছে, এলাকায় আরও উন্নয়নের জন্য নতুন পুরসভা তৈরি করার কথা ভাবা হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত বাংলায় মোট পুরসভার সংখ্যা হল ১১২। এবার, নতুন দুটি পুরসভা তৈরি হয়ে গেলে মোট পুরসভার সংখ্যা দাঁড়াবে ১১৪।
জানা গেছে, একুশের পুরসভা নির্বাচন নভেম্বর নাগাদই সম্পন্ন হতে পারে। উল্লেখ্য, একদিকে, পদ্মফুল শিবিরের তরফে পুরসভা নির্বাচনের ওপর জোর দেওয়া হচ্ছে। অপরদিকে, ঘাসফুল শিবিরের তরফে মূলত রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ওপরেই জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেহেতু মুখ্যমন্ত্রী তাঁর নিজ আসনে জয়লাভ করতে পারেন নি, তাই ৬ মাসের নির্দিষ্ট সময় শেষ আগেই রাজ্য সরকারের তরফে পুরসভা নির্বাচন হওয়ার আগে রাজ্যের বিধানসভা উপনির্বাচন করার দাবিতে আরও বেশি জোর দেওয়া হচ্ছে।
Published on Friday, 6 August 2021, 6:59 pm | Last Updated on Saturday, 7 August 2021, 12:17 pm by Bahok Desk









