বাহক নিউজ় ব্যুরো: গত সোমবার অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন গড়িয়ার বাসিন্দা ছবি সরকার। প্রায় দশ ঘন্টা অক্সিজেন না দিয়ে ফেলে রাখায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হল এসএসকেএম ও পুলিশ হাসপাতালের বিরুদ্ধে।
বৃদ্ধার দুই মেয়ে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গড়িয়ার বাসিন্দা ছবি সরকার ভোর সাড়ে চারটে নাগাদ শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে আসেন। দুপুর আড়াইটে বেজে গেলেও মেলেনি অক্সিজেন।
ভোর সাড়ে ৪টেয় হাসপাতালে আসা রোগীকে জরুরি ভিত্তিতে ভর্তি করার প্রয়োজন বলে নথিপত্রে উল্লেখ করা হয়।কিন্তুু এসএসকেএম থেকে এরপর সকাল ৬টা ৪০ নাগাদ লিখে দেওয়া হয়, শয্যার অভাবে ভর্তি নেওয়া যাচ্ছে না রোগীকে। প্রায় সাত ঘন্টা পর, দুপুর ২টো নাগাদ এসএসকেএমের অ্যানেক্স পুলিশ হাসপাতালে রেফার করা হয় ছবি সরকারকে। কিন্তু সেখানেও পরিষেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন বৃদ্ধার দুই মেয়ে। তাদের কথায়, ‘‘সেখানে পরিষেবা বলতে কিচ্ছু নেই। আইসিইউ দূর অস্ত, মাকে অক্সিজেন দেওয়ার কথা বলায় নার্সেরা জানান, অক্সিজেন রুমের চাবিই খুঁজে পাওয়া যাচ্ছে না!’’
বৃদ্ধার দুই মেয়ে তমসা ও তনয়ার অভিযোগ, ‘‘আসলে আমাদের কাছে কোনও সাংসদ-বিধায়কের সুপারিশ ছিল না। বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর মতো অর্থবলও নেই। চোখের সামনে মা হাঁপাতে-হাঁপাতে থেমে গেল!’’
জরুরি বিভাগ থেকে নেফ্রোলজি, ডায়ালিসিস রুম, মেডিসিন থেকে আবার জরুরি বিভাগ, এভাবেই দিনভর ঘুরেছেন বলে জানান বৃদ্ধার দুই মেয়ে। কিন্তুু এতকিছুর পরেও প্রৌঢ়ার ডায়ালিসিসও হয়নি। তমসা আরো বলেন, ‘‘মাকে বাঁচাতে তখন বেসরকারি জায়গায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করি। শেষে ক্লাবের ছেলেরা অ্যাম্বুল্যান্স নিয়ে আসেন। কিন্তু যাওয়ার পথেই মা মারা যান।’’
বেড না পাওয়া গেলেও কেন রোগীকে জরুরি বিভাগে অক্সিজেন দেওয়া গেল না? এই প্রশ্নের উত্তরে এসএসকেএম কর্তৃপক্ষ বলছেন, ‘‘দিনে প্রায় সাড়ে আটশো রোগী এসএসকেএমের জরুরি বিভাগে আসেন। তাঁদের মধ্যে অন্তত ৬০০ জনকে তৎক্ষণাৎ ভর্তি করা বা অক্সিজেন দেওয়ার প্রয়োজন থাকে। কিন্তু তা বলে সবাইকে ভর্তি করা বা পরিষেবা দেওয়া যায় না। হাসপাতালের ক্ষমতারও তো সীমা রয়েছে।’’
Published on Friday, 3 September 2021, 10:55 am | Last Updated on Friday, 3 September 2021, 10:56 am by Bahok Desk









