বাহক নিউজ ব্যুরো :শিয়ালদা-বনগাঁ শাখার গুমা এবং অশোকনগর রোড স্টেশনের মাঝের রেললাইনে বড়সড় ধস নামলো শনিবার সকালে। এই ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। অসুবিধার মধ্যে পড়েন সাধারণ যাত্রীরা।
অশোকনগর এবং গুমা স্টেশনের মাঝে একটি জায়গায় রেললাইনের নীচের মাটি সরে যায়। ফলে সকাল ৬টা থেকে আপ লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। এরপর ডাউন লাইনেও বন্ধ হয় ট্রেন চলাচল। হাবরা জিআরপি-র আধিকারিকরা দ্রুত ওই স্থানে পৌছান।মেরামত কর্মীরা এলে মেরামতের কাজ শুরু হয়। এরপর ১০টার পর থেকে একটি লাইনেই আপ এবং ডাউনের ট্রেন চলতে শুরু করলেও ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। ২৩ নম্বর রেলগেটের পার্শ্ববর্তী এলাকায় মেরামতির কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। গুমা এবং অশোকনগর সংলগ্ন স্টেশনগুলিতে একটি লাইনেই আপ এবং ডাউনের ট্রেন চলায় অনেক দেরিতে চলাচল হচ্ছে।
দেরিতে ট্রেন চলায় সমস্যার মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা। ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে অনেকক্ষণ। গন্তব্যস্থলে যেতেও অনেক সময় লেগে যাচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছেন হাবরা জিআরপি-র আধিকারিকরা।
Published on Saturday, 28 August 2021, 2:28 pm | Last Updated on Saturday, 28 August 2021, 2:28 pm by Bahok Desk









