বাহক নিউজ় ব্যুরো: ফের রাজ্যে অস্ত্র কারখানার হদিস। এবার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায়। জীবনতলা থানা এলাকার তাম্বুল দাহ গ্রাম পঞ্চায়েতের বিবিরাবাদে কারখানার হদিশ মিলল। আদতে গ্রিল কারখানা কিন্তু তারই আড়ালে তৈরি হতো অস্ত্র। প্রতিবেশীরা টেরও পাননি।
কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে যায় পুলিশ। বেশ কিছুদিন ধরে নজর রাখা হয় ওই কারখানার উপর । তারপর শুক্রবার রাতে অভিযান চালানো হয় ওই কারখানায়। ঘটনায় কারখানার মালিক রাজ কুমার হালদার কে গ্রেপ্তার করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও জিবনতলা থানার যৌথ অভিযানে কারখানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র বানানোর সামগ্রীও।
গ্রিল কারখানার আড়ালে এতদিন ধরে যে অস্ত্র তৈরি হতো তা ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা। এদিন পুলিশি অভিযানের পর স্তম্ভিত তারা । তদন্তের স্বার্থে পুলিশ বিশেষ কিছু বলতে চায়নি। তবে এখান থেকে কারা অস্ত্র কিনতে আসতো, এর পেছনে কোন চক্র কাজ করতো ,তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজ্যে একের পর এক অস্ত্র কারখানার হদিশ পাচ্ছে পুলিশ । বিশেষত আসানসোলে ডিসেরগড়ের পর হীরাপুরে বেআইনি অস্ত্র কারখানা হদিশ পাওয়া যায়। হীরাপুর থানার রহমতনগর বস্তি এলাকায় অস্ত্র কারখানার খোঁজ পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় একটি বাড়ির মধ্যে পাতালঘর তৈরি করে আগ্নেয়াস্ত্র তৈরি হতো। ঘটনাস্থলে হিরাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
রাজ্যে একের পর এক অস্ত্র কারখানার হদিশ মেলায় উদ্বিগ্ন প্রশাসন। এ ছাড়া বহু ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে মাঝেমধ্যেই অস্ত্রসহ গ্রেফতার করা হয়। রাজ্যে একটি বড় ধরনের অস্ত্র পাচার চক্র সক্রিয় তা নিয়ে চিন্তিত প্রশাসন। কোথা থেকে অস্ত্র আসছে, কোথায় অস্ত্র পাচার হচ্ছে সেই চক্র ধরতে তৎপর পুলিশ।
Published on Saturday, 30 October 2021, 1:40 pm | Last Updated on Saturday, 30 October 2021, 1:40 pm by Bahok Desk









