বাহক নিউজ় ব্যুরো: ফলক বসানো আছে, কিন্তু রাস্তার খোঁজ নেই। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েতের অধীনে রাস্তা গিয়েছে চুরি। শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি। একদিকে, রাস্তা অর্ধেক পড়ে রয়েছে। অপরদিকে, রাস্তার পাশে ফলকে লেখা আছে, যে, রাস্তা সম্পূর্ণ হয়ে গেছে। ব্যাপারটি প্রকাশ্যে আসতেই খোঁজ শুরু হয়ে যায় বাকি রাস্তার। তখনই রাজনৈতিক ময়দানে নেমে পড়ে পদ্ম শিবির। এই বিষয়কে কেন্দ্র করে বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয় যে, ওই রাস্তা যদি তাড়াতাড়ি সম্পূর্ণ না করা হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবে শাসকদলের বিরুদ্ধে।
সালটা ২০১৯-২০ বছর। ওই বছরে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর তহবিল রাস্তা তৈরি কথা ঘোষণা করা হয়। ওই তহবিল থেকে টাকাও আসে ৭ লক্ষ ১১ হাজার টাকা। এদিকে, ২০২১ সালে কাজ শেষ হয়, রাস্তার পাশে ফলক বসে। সেই ফলকে লাজের নামের জায়গায় লেখা “আলমপুর বাসস্ট্যান্ড হইতে আলমপুর হরিমোহন হাইস্কুল পর্যন্ত পিচ রাস্তা নির্মাণ”। একদম ওপরে লেখা “মাননীয় বিধায়ক জনাব সিদ্দিকুল্লা চৌধুরীর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল হইতে নিম্নলিখিত কাজটি সম্পূর্ণ হল”। কিন্তু, কাটোয়া ১ নম্বর ব্লক ও মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত গাফুলিয়া আলমপুর গ্রামে ২ কিমি ওই রাস্তা এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি।
উল্লেখ্য, ওই ফলকে কাজ শুরু তারিখ দেওয়া হয়েছে ২০.০১.২১ এবং কাজ শেষ হওয়ার তারিখ দেওয়া আছে ২৯.০১.২১। অর্থাৎ কাটোয়া ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি ও আলমপুর পঞ্চায়েতের উদ্যোগে তৈরি ২ কিমি রাস্তা তৈরি কাজ ৯দিনেই শেষ হয়ে গেছে। কিন্তু, ওই রাস্তার অর্ধেক রাস্তাটি রয়েছে। তাহলে, বাকিটা গেল কোথায়?
আলমপুর গ্রামবাসীরা অভিযোগের আঙুল শাসকদলের দিকে তুলেছে। এই প্রসঙ্গে বিজেপিতে তরফে অভিযোগ করা হয়েছে যে, সিদ্দিকুল্লা চৌধুরীর তহবিল থেকে সম্পূর্ণ টাকা এলেও, তৃণমূলের নেতাকর্মীরা নিজেরা মিলেমিশে বাকি অর্ধেক রাস্তার টাকা ভাগাভাগি করে নিয়েছে।
Published on Thursday, 30 September 2021, 11:29 am | Last Updated on Thursday, 30 September 2021, 11:34 am by Bahok Desk









