বাহক নিউজ় ব্যুরো: পুরভোটের আগে রাজনৈতিক মহলে গুঞ্জন তৃণমূলের মেয়র পদপ্রার্থী হতে পারেন বাবুল সুপ্রিয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্যই এই গুঞ্জন মানতে রাজি নন। তাঁর মতে তৃণমূল বাবুলকে কিছুই দেবে না।
কেন্দ্রীয় মন্ত্রীত্ব চলে যেতেই বিজেপি ছেড়েছিলেন বাবুল। বিজেপি ছাড়ার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীত্ব চলে যাওয়ার যোগ আছে কিনা সে প্রসঙ্গে বাবুল জানিয়েছিলেন, “হ্যা যোগ আছে।” এর কিছুদিন পরেই বাবুল তৃণমূলে যোগ দিয়ে বলেন ‘বি’ টিমে থাকা খেলোয়াড় যদি ‘এ’ টিমে সুযোগ না পেয়ে বসে থাকে তখন সে দল পাল্টায়। এখন দেখার বাবুল তৃণমূলের ‘এ’ টিমে সুযোগ পান কিনা।
তৃণমূলের মেয়র পদপ্রার্থী হতে পারেন বাবুল, প্রতিদিনের মতো প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বাবুলের প্রাক্তন নেতা দিলীপ ঘোষ বললেন, “তৃণমূল বাবুল সুপ্রিয়কে কিছুই দেবে না, ঝুনঝুনি দিচ্ছে। ওটা আপনাদের খাওয়ানোর জন্য করা হয়েছে। কিছুই হবে না। কাকে করবে ওনাদের ব্যাপার। তবে বাবুল সুপ্রিয় কলকাতায় কবে কাজ করেছেন! উনি ওখানকার ভোটারও নন।”
২০২১ বিধানসভা নির্বাচনে কলকাতার অন্যতম কেন্দ্র টালিগঞ্জ থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন বাবুল। তাই তাঁকে মেয়র পদপ্রার্থী করা হবে কিনা সেটাও ভেবে দেখবে তৃণমূল নেতৃত্ব। তাছাড়া বাবুল অন্যদলে থেকে আসার কয়েকমাসের মধ্যেই মেয়র পদপ্রার্থী হলে পুরোনো কর্মী সমর্থকদের মধ্যে কীরকম প্রভাব পড়বে সেটাও ভেবে দেখবে তৃণমূল নেতৃত্ব।
Published on Thursday, 18 November 2021, 3:18 pm | Last Updated on Thursday, 18 November 2021, 3:18 pm by Bahok Desk









