UP Women Night Shift Double Pay: এবার থেকে উত্তরপ্রদেশে মহিলাদের নাইট শিফটের কাজের সময় বদলানো হচ্ছে।মহিলাদের নাইট শিফট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।চলুন জেনে নিই বিস্তারিত। উত্তর প্রদেশ সরকার মহিলাদের রাতে কাজ করার অনুমতি জারি করেছে। এই অনুমতি জারি হওয়ার পর থেকেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলা রাতে কাজ করতে পারবেন।
এই নতুন নিয়মে মহিলাদের আয় বাড়বে, নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে ও কর্ম নিরাপত্তা ইত্যাদি সবকিছুই দেওয়া হবে। এই নিয়ম অনুযায়ী মহিলারা নাইট শিফটে সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কাজ করতে পারবেন। আগে তারা রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কাজ করতে পারতেন।
তবে নাইট শিফটে কাজ করার আগে মহিলাদের সম্মতি নেওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এছাড়া সরকার জানিয়ে দিয়েছে নিয়োগকর্তাদের রাতের শিফটে কাজ করা মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে কর্মক্ষেত্রের সিসিটিভি নজরদারি, মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন, রাতের শিফটের জন্য পরিবহণের ব্যবস্থা। শুধু তাই নয় তাদের জন্য স্বাস্থ্য ও বিশ্রামের ব্যবস্থাও করতে হবে।
বিপদে পড়লে যোগাযোগ করতে পারবেন হেল্পলাইন নম্বরে
যোগী সরকারের নিরাপদ শহর প্রকল্প, ১০৯০ মহিলা পাওয়ার লাইন, ১১২ হেল্পলাইন এবং অ্যান্টি-রোমিও স্কোয়াডের মতো একাধিক ব্যবস্থা নিতে চলেছে। যাতে মহিলারা কোনো দ্বিধাবোধ ছাড়া কাজ করতে পারেন। এই নতুন নিয়ম অনুযায়ী যেসকল মহিলারা রাতে কাজ করবেন তাদেরকে দ্বিগুণ বেতন দেওয়া হবে।
এই মহিলারা সপ্তাহে ছয়দিন কাজ করতে পারবেন। ওভারটাইমের সীমা প্রতি ত্রৈমাসিকে ৭৫ ঘণ্টা থেকে বাড়িয়ে ১৪৪ ঘণ্টা করে দেওয়া হয়েছে। ওভারটাইমের বেতন স্বাভাবিক বেতনের থেকে দ্বিগুণ হারে দেওয়া হবে। আগে মহিলারা শুধু ১২ টি শিল্প বিভাগে কাজ করতে পারতেন আর এখন ২৯ টি শিল্প বিভাগে কাজ করতে পারবেন।
এটি নারী ক্ষমতায়নের একটি বড় পদক্ষেপ। শুধু তাই নয় যোগী সরকার ১৯৬২ সালের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আইনকেও সংশোধন করেছে। এই নতুন আইনটি ২০ ও তার বেশি কর্মচারী থাকা প্রতিষ্ঠানে কার্যকর হবে। যার মধ্যে ক্লিনিক, পলিক্লিনিক, পরিষেবা কেন্দ্র, হোম ডেলিভারি পরিষেবা এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রয়েছে।
এই নতুন আইনটি নিয়োগকর্তাদের উপর আরো কঠোর হবে বলে মনে করা হচ্ছে। যদি নিয়োগকর্তারা এই নিয়মগুলো না মানে তাহলে প্রথম অপরাধের জন্য ₹২,০০০ জরিমানা ও দ্বিতীয় অপরাধের জন্য ₹১০,০০০ পর্যন্ত জরিমানা দিতে হবে তাদের। এর আগে ১০০-৫০০ টাকা জরিমানা দিতে হতো।
Published on Tuesday, 25 November 2025, 4:23 pm | Last Updated on Tuesday, 25 November 2025, 4:23 pm by Bahok Desk









