বাহক নিউজ় ব্যুরো: পাঁচদিনের তালিবানি দাপটে ছন্দপতন। শুরু হল পাল্টা প্রত্যাঘাত। বাঘলান প্রদেশের পাল-ই-হিসার, দে-সালাহ এবং বানু জেলা পুনর্দখল হল।
রক্তক্ষয়ী সংগ্রামের পর পুনর্দখল হল তিন জেলা। বাঘলান প্রদেশের তিন জেলা থেকে তালিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল পাবলিক রেজিস্টেন্স ফোর্স। নিহত হল প্রায় হাজার তালিবান। পাবলিক রেজিস্টান্স ফোর্সের তরফে কবীর মহম্মদ আন্দারবি সংবাদমাধ্যমকে জানান, “পাল-ই-হিসার, দে-সালাহ ও বানু জেলা আমাদের দখলে চলে এসেছে। অন্যান্য জেলার দিকেও এগিয়ে চলেছে বাহিনী। মুখে ক্ষমার কথা বললেও সেই পথে হাটেনি তালিবানরা, অতএব তাদের ক্ষমা করা হবে না।”
তালিবানি নিষেধাজ্ঞা অমান্য করে ১০২ তম স্বাধীনতা দিবসে আফগানিস্তানের রাস্তায় দেশের তেরঙ্গা পতাকা নিয়ে মিছিল করেছিলেন কয়েকশো মানুষ। দেশের প্রাক্তন উপ রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ দেশের তরুণদের তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আবেদন করেছিলেন। পঞ্জশির সহ একাধিক জেলায় প্রতিদিন একটু একটু করে শক্তিশালী হচ্ছে তালিবান বিরোধী প্রতিরোধ বাহিনী।
তালিবানের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ এসেছিল পঞ্জশির প্রদেশের কাছ থেকে। তালিবানি আতঙ্কের কাছে মাথা নোয়ায়নি একমাত্র পঞ্জশির। এবার পঞ্জশিরের নিকটবর্তী তিন জেলাও পুনর্দখল হল। অন্ধকার সময়ে আশার আলো দেখতে শুরু করেছে কাবুলিওয়ালার দেশ।
Published on Saturday, 21 August 2021, 8:11 am | Last Updated on Monday, 23 August 2021, 10:16 pm by Bahok Desk









