প্রাণে বাঁচতে দেশ ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার আফগান। তালিবানের কাবুল দখলের পর আজ সকাল হতেই কাবুল বিমানবন্দরে দেখা গেল একটি বিমানে হাজার হাজার মানুষের ওঠার প্রাণপণ চেষ্টা।
গতকাল তালিবানদের কাছে আফগানের আত্মসমর্পণের পর দেশ ছেড়ে চলে গিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। জাওয়াদ সুখানওয়ার নামে এক সাংবাদিক কাবুলের পরিস্থিতি টুইট করে জানিয়ে যাচ্ছেন। আজ ওনার টুইটে চমকে উঠল গোটা বিশ্ব। দেখা যাচ্ছে কাবুল বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। একে অপরকে ঠেলে যেভাবেই হোক একটি বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন তারা। শূন্যে গুলি ছুঁড়েছে মার্কিন সেনারা। তবু কাবুল বিমানবন্দরের জনসমুদ্র ছুটে চলছে বিমানে ওঠার চেষ্টায়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “এখানে আমার খুব ভয় লাগছে। তারা আকাশের দিকে অনেক গুলি ছুঁড়ছে।”
আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, কাতার এবং ব্রিটেনসহ মোট ৬০টি দেশ যৌথ বিবৃতি দিয়েছে। তারা তালিবানদের সহনশীল হওয়ার আবেদন জানিয়েছে সাধারণ মানুষের প্রতি। একইসঙ্গে আফগানদের পাশে এই দেশগুলো আছে বলেও জানিয়েছে।
প্রসঙ্গত, গতকাল দুপুরে বিনা যুদ্ধে কাবুল দখল করে তালিবান। তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদরের সঙ্গে ৪৫ মিনিট বৈঠকের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। পদত্যাগ করেন আশরাফ গনি।
Published on Monday, 16 August 2021, 1:28 pm | Last Updated on Monday, 16 August 2021, 1:28 pm by Bahok Desk









